জয় দিয়ে বছর শেষ চেলসির
টানা দ্বিতীয় জয়ে বছর শেষ করল চেলসি। বছরের শেষ ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় পেয়েছে মাওরিসিও সাররির দল।
রোববার প্যালেসের মাঠে ১-০ গোলে জেতে চেলসি। বিরতির আগে আক্রমণাত্মক ফুটবল খেলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি লন্ডনের দলটি।
৫১তম মিনিটে অতিথিদের এগিয়ে নেন এনগোলো কঁতে। দাভিদ লুইসের উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে বুক দিয়ে নামিয়ে বাঁ পায়ের নিচু শটে লক্ষ্যভেদ করেন ফরাসি এই মিডফিল্ডার। তার শটে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি গোলরক্ষক। চলতি মৌসুমে কঁতের এটি তৃতীয় গোল।
এই জয়ে ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রইল চেলসি। শনিবার আর্সেনালকে ৫-১ গোলে হারানো লিভারপুল ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ করেছে বছর।
