২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরমিনোকে পেনাল্টি নিতে দিয়ে প্রশংসা পেলেন সালাহ

আর্সেনালের বিপক্ষে সতীর্থ রবের্ত ফিরমিনোকে হ্যাটট্রিক পূরণ করতে স্পট কিক নেওয়ার সুযোগ ছেড়ে দেওয়া মোহামেদ সালাহর প্রশংসা করেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2018, 06:08 PM

Updated : 08 Apr 2022, 07:33 PM

অ্যানফিল্ডে বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৫-১ গোলে জিতে লিভারপুল। চতুর্দশ মিনিটে দলকে সমতায় ফেরানো ফিরমিনো দুই মিনিট পর প্রতিপক্ষের তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে বাঁ পায়ের জোরালো শটে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধের যোগ করা সময়ে সফল স্পট কিকে জয় অনেকটাই নিশ্চিত করে দেন সালাহ। ৬৫তম মিনিটে মিশরীয় ফরোয়ার্ড ডি-বক্সে ফাউলের শিকার হলে আবারও পেনাল্টি পায় স্বাগতিকরা। এবারে আক্রমণভাগের সতীর্থ ফিরমিনোকে স্পট কিক নেওয়ার সুযোগ ছেড়ে দেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বিবিসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সালাহর এমন আচরণে মুগ্ধতার কথা জানান ক্লপ।

“দ্বিতীয়ার্ধে আমরা জানতাম যে ম্যাচ তখনও শেষ হয়নি। তাই আমরা এটা নিয়ন্ত্রণ করতে চেয়েছিলাম।”

“মোহামেদ সালাহ ফিরমিনোকে পেনাল্টি নিতে দিল। আমরা সবাই জানি যে সালাহ গোল করতে কতটা আগ্রহী। এটা সত্যি দারুণ ছিল।”

২০ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে নতুন বছর শুরু করবে ক্লপের দল। ৩ জানুয়ারি লিগে নিজেদের পরের ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে তারা।