২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাহর নৈপুণ্যে লিভারপুলের জয়

ম্যাচের শুরুতে দারুণ এক গোলে দলকে এগিয়ে দিলেন মোহামেদ সালাহ। দ্বিতীয়ার্ধে সতীর্থকে দিয়ে করালেন আরেকটি। মিশরের এই ফরোয়ার্ডের নৈপুণ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে হারিয়েছে লিভারপুল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2018, 03:56 AM

Updated : 11 Oct 2022, 12:51 PM

প্রতিপক্ষের মাঠে শুক্রবার রাতে ২-০ গোলে জেতে অল রেডরা। এই জয়ে অষ্টাদশ রাউন্ড শেষে শীর্ষে থাকা নিশ্চিত করেছে ইয়ুর্গেন ক্লপের দল।

চলতি লিগে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল লিভারপুল ম্যাচের অষ্টাদশ মিনিটে প্রথম সুযোগেই এগিয়ে যায়। বাইলাইন থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনিয়োর কাটব্যাক ছোট ডি-বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের ফ্লিকে বল জালে পাঠান সালাহ।

১১ গোল নিয়ে এবারের আসরের গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠলেন তিনি।

পিছিয়ে পড়ার পর আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। বল দখলে পিছিয়ে থাকলেও বিরতির আগে বেশ কয়েকবার প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ায় তারা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি দলটি।

৬৮তম মিনিটে সালাহর দুর্দান্ত এক ক্রসে ছোট ডি-বক্সের মুখ থেকে বাঁ পায়ের টোকায় ব্যবধান দ্বিগুণ করেন ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। লিগে এই নিয়ে সতীর্থদের পঞ্চম গোলে অবদান রাখলেন গত আসরের সেরা খেলোয়াড় সালাহ।    

১৮ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট হলো ৪৮।

৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি। তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৩৯।

৩৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। পঞ্চম স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৩৪। ২৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

১৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে নবাগত উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স।