‘বার্সার সাফল্যের কারণ মেসির নির্ভরযোগ্যতা’
লিওনেল মেসির ওপর নির্ভর করা যায় বলেই বার্সেলোনা অবিশ্বাস্য সাফল্য পেয়ে আসছে বলে মনে করছেন দলটির সাবেক খেলোয়াড় দানি আলভেস।
কাম্প নউয়ে ব্রাজিলিয়ান ডিফেন্ডার আলভেসের কাটানো আট বছরে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও ছয়টি লা লিগা শিরোপা জেতে কাতালান দলটি। এই সময়ে তিনবার ক্লাব বিশ্বকাপও ঘরে তোলে তারা।
পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের প্রতিভা নিয়ে সংশয় ছিল না কখনই। কিন্তু বর্তমানে পিএসজিতে খেলা আলভেস মনে করেন, প্রতিভার সঙ্গে আর্জেন্টাইন ফরোয়ার্ডের ধারাবাহিকতাই বার্সেলোনাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে। ব্রাজিলের এই রাইট ব্যাক অমনিস্পোর্টকে বলেন, “ওই দলে প্রয়োগ দক্ষতা আর নির্ভরযোগ্যতা দিয়ে মেসি প্রভাব রেখেছিল।”
“আমরা এটা জানতাম। যদি আমরা তাকে ঠিকঠাক বল দিতাম, সে পার্থক্য গড়ে দিতে এবং শিরোপা জিততে সাহায্য করত। সে ছিল নির্ভরযোগ্য। সে একটা দলে শুধু একটা বড় নাম নয়।”
“ফুটবলে অনেক বড় নাম আছে। কিন্তু যেসব বড় নামকে আপনি ভরসা করতে পারেন, তাদের মধ্যে কমই আপনার দলে আছে। আমাদের সেই বড় নামই ছিল যাকে আমরা বিশ্বাস করতে পারতাম।”
