হকিতে হার, পদক ছাড়াই এশিয়ান গেমস শেষ বাংলাদেশের
দক্ষিণ কোরিয়ার কাছে হেরে এশিয়ান গেমসের হকিতে ষষ্ঠ হয়েছেন জিমি-চয়নরা। এ ম্যাচ দিয়েই জাকার্তা-পালেমবাংয়ের আসর শেষ করল বাংলাদেশ। ১৯৮৬ থেকে টানা সাত আসর কোনো না কোনো পদক জেতার পর এবার একেবারে শূন্য হাতে ফিরল অ্যাথলেটরা।
জেবিকে হকি ফিল্ডে শনিবার পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে ৭-০ গোলে দক্ষিণ কোরিয়ার কাছে হারে বাংলাদেশ। তবে ষষ্ঠ হওয়ায় গোবিনাথান কৃষ্ণমুর্তির দল পরের এশিয়ান গেমসে সরাসরি খেলার টিকেট পেয়েছে।
ফুটবল, কাবাডি, হকি, শুটিং, সাঁতার, অ্যাথলেটিকস, ভারোত্তোলন, রেসলিং, বাস্কেটবল, ব্রিজ, গলফ, বিচ ভলিবল, রোইং ও আর্চারি-এই ১৪ ডিসিপ্লিনে ছেলে (৮৬জন) ও মেয়ে (৩১জন) মিলিয়ে অংশ নেয় ১১৭ জন অ্যাথলেট। এশিয়ান গেমসের ১৮তম আসরে অংশ নিতে যাওয়ার আগে কাবাডি, আর্চারি ও শুটিং থেকে পদক পাওয়ার আশার কথা জানিয়েছিলেন কর্মকর্তারা। কিন্তু সে আশা পূরণ হয়নি।
২০১৪ সালের ইনচনের আসরে ক্রিকেটে মেয়েরা রৌপ্য এবং ছেলেরা ব্রোঞ্জ জিতেছিল। আরেকটি ব্রোঞ্জ পদক এসেছিল মেয়েদের কাবাডি থেকে। এবার কাবাডিতে সাফল্যের পুনরাবৃত্তির আশা থাকলেও পারেনি মেয়েরা। টানা তিন ম্যাচ হেরে বিদায় নিতে হয় মেয়েদের। কাবাডি কোচ আব্দুল জলিল জানালেন প্রস্তুতির ঘাটতির কারণে পূরণ হয়নি লক্ষ্য।
“গতবার আমাদের মেয়েরা ব্রোঞ্জ পেয়েছিল, তার কারণ সেবার আমাদের গ্রুপে থাকা দক্ষিণ কোরিয়া ছিল নবাগত। আমরা তাদের হারিয়ে সেমি-ফাইনালে উঠেছিলাম। কিন্তু এবার আমাদের গ্রুপ ছিল কঠিন; তাছাড়া গত চার বছরে কোরিয়া অনেক উন্নতি করেছে, যেটা আমরা পারিনি।”
“এবার আমরা বিজয় দিবস কাবাডি দিয়ে খেলোয়াড় বাছাই করে দল গঠন করলাম। কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারিনি। এমনকি আমাদের মেয়ে কাবাডি খেলোয়াড়ের সংকট এত বেশি যে, নিজেদের মধ্যে দল গঠন করে প্রস্তুতি ম্যাচ খেলব, সে উপায়ও নেই। আগামীতে আমাদের ভালো করতে হলে, নতুন খেলোয়াড় তুলে আনা, ম্যাচ আয়োজন এসব বিষয়ে গুরুত্ব দিতে হবে।”
গোল্ড কোস্টের গত কমনওয়েলথ গেমসে ৫০ মিটার এয়ার পিস্তলে রৌপ্য জেতা শুটার শাকিল আহমেদ এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার পিস্তলের কোয়ালিফিকেশন রাউন্ড থেকে ছিটকে পড়েন। গোল্ড কোস্টে ১০ মিটার এয়ার রাইফেলের রৌপ্য জেতা আব্দুল্লাহ হেল বাকিও এশিয়ান গেমসে কোয়ালিফিকেশন রাউন্ডে বাদ পড়েন। রবিউল ইসলাম, শোভন চৌধূরী, শারমিন আক্তার রত্না, অর্ণব সারার, শারমিন শাপলাও পারেননি চমক দেখাতে।
গত এসএ গেমসে ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জেতা মাবিয়া আক্তার সীমান্ত এশিয়ান গেমসে নিজের সেরাটাও ছাপিয়ে যেতে পারেননি। স্ন্যাচ (৭৭ কেজি) ও ক্লিন অ্যান্ড জার্ক (১০১ কেজি) মিলিয়ে ১৭৮ কেজি তুলে ছয় প্রতিযোগীর মধ্যে ষষ্ঠ হন তিনি। গত এপ্রিলে গোল্ড কোস্টের কমনওয়েথ গেমসে স্ন্যাচ (৭৮ কেজি) ও ক্লিন অ্যান্ড জার্ক (১০২ কেজি) মিলিয়ে ১৮০ কেজি তুলেছিলেন মাবিয়া।
নিজেদের মাঠে গত মে মাসে হওয়া আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে আলো ছিড়িয়েছিলেন রোকসানা-অসীম-রোমানরা। ৫টি সোনা, ৫টি রূপা ও একটা ব্রোঞ্জসহ মোট ১১টি পদক নিয়ে সেরা হয়েছিল বাংলাদেশ। কিন্তু এশিয়ান গেমসে পদক আসেনি।
ছেলেদের ব্যক্তিগত রিকার্ভের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে হেরে যান রোমান সানা। অন্যদিকে সেরা ৩২-এ ওঠার লড়াইয়ের হার মেনে নেন ইতি খাতুন, নাসরিন আক্তার। কম্পাউন্ডেও অসীম কুমার দাস, বন্যা আক্তাররা হতাশ করেছেন। তবে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন চপলের দাবি উন্নতির ধারাবাহিকতায় আছে আর্চাররা।
“আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি। আমাদের প্রেক্ষাপটে যতটুকু পাওয়া সম্ভব, তার চেয়ে বেশিই পেয়েছি। আর্চারিতে যারা পদক পেয়েছে, তাদের খেলার বয়স অনেক, আমাদের অনেক কম-সেই তুলনায় আমাদের পারফরম্যান্স ভালো।”
“এমন নয় যে, আমাদের আর্চাররা ভালো একটা ফল করে আবার হঠাৎ করে দমে যাচ্ছে। বরং আমরা ধারাবাহিক উন্নতির মধ্যে আছি। আমাদের লক্ষ্য ২০২০ সালের অলিম্পিক ও ২০২২ সালের এশিয়ান গেমসে ভালো করা।”
একমাত্র স্বর্ণ পদকটি ২০১০ সালের গুয়াঞ্জুর আসরে ছেলেদের ক্রিকেট থেকে পাওয়া। সবচেয়ে বেশি পদক এসেছে কাবাডি থেকে; ছেলে ও মেয়ে মিলিয়ে ৭টি (তিনটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ)। এবারের আসরে ক্রিকেট না থাকায় আগে থেকেই পদকের আশা কমে যায়।
