২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারকে হারিয়ে এশিয়ান গেমস ফুটবলের শেষ ষোলোতে বাংলাদেশ

এশিয়ান গেমস ফুটবলে কাতারকে শেষ মুহূর্তের গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2018, 08:18 PM

Updated : 08 Apr 2022, 06:53 PM

রোববার পশ্চিম জাভার বেকাসিতে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জামাল ভূইয়ার গোলে ১-০ ব্যবধানে জিতে বাংলাদেশ। প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথম গ্রুপ পর্ব পেরুল বাংলাদেশ।

৩ ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠল বাংলাদেশ। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন উজবেকিস্তান।

মাহবুবুর রহমান সুফিল দুটি সুযোগ নষ্ট না করলে প্রথমার্ধেই গোলের দেখা পেতে পারত বাংলাদেশ। অষ্টম মিনিটে ডি-বক্সের ভেতরে ঢুকে পোস্টের বাইরে শট নেওয়া এই ফরোয়ার্ড সপ্তদশ মিনিটে গোলরক্ষককে একা পেয়ে লক্ষ্যভেদে ব্যর্থ হন।

২১তম মিনিটে কাতারের একটি প্রচেষ্টা ফিরিয়ে দলের ত্রাতা গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বল নিয়ে ডি-বক্সে ঢুকে গড়ানো শটে কাছের পোস্ট দিয়ে জালে পাঠান টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী খেলতে পারা তিন সিনিয়র খেলোয়াড়ের একজন জামাল।

প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হারা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করেছিল।