২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যেভাবে ফাইনালে ফ্রান্স

বিশ্বকাপ শুরুর আগে ফেভারিটের তালিকায় উপরের দিকেই ছিল ফ্রান্স। অবশ্য গ্রুপ পর্বে নজর কাড়া ফুটবল খেলতে পারেনি তারা। নকআউট পর্বে ঠিকই নিজেদের সেরা ছন্দে ফেরে দিদিয়ের দেশমের দল। গ্রুপ পর্বে মোটে তিন গোল করা ফরাসিরা নকআউট পর্বের তিন ম্যাচে করেছে সাত গোল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2018, 11:04 PM

Updated : 11 Oct 2022, 12:30 PM

রোববার মস্কোর লুজনিকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তারা। 

গ্রুপ পর্ব:

ফ্রান্স ২-১ অস্ট্রেলিয়া

'সি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ছন্দহীন ফুটবলে সমন্বয়ের অভাবটা পরিষ্কার ছিল ফ্রান্সের। তেমন কোনো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেননি অঁতোয়ান গ্রিজমান, উসমান দেম্বেলে আর ফ্রান্সের হয়ে সবচেয়ে কম বয়সে ইউরো বা বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলা কিলিয়ান এমবাপে।

দ্বিতীয়ার্ধে গ্রিজমানকে ফাউল করা হলে বিশ্বকাপে প্রথমবারের মতো ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড নিজেই। সামুয়েল উমতিতি নিজেদের ডি বক্সে হ্যান্ডবল করলে চার মিনিটের মধ্যে স্পট কিক থেকে অস্ট্রেলিয়াকে সমতায় ফেরান মাইল ইয়েডিনাক।

শেষ দিকে পল পগবার শটে আজিজ বেহিচের পা ছুঁয়ে বল ঢোকে অস্ট্রেলিয়ার জালে। তাতেই পুরো ৩ পয়েন্ট নিশ্চিত করে দিদিয়ের দেশমের দল।

ফ্রান্স ১-০ পেরু

একাতেরিনবুর্গে দ্বিতীয় ম্যাচে দেম্বেলের পরিবর্তে অভিজ্ঞ ফরোয়ার্ড অলিভিয়ে জিরুদকে একাদশে ফেরান দেশম। প্রথম ম্যাচের চেয়ে ভালো খেললেও সমর্থকদের মন জয় করতে পারেনি ১৯৯৮ সালে বিশ্বকাপ জেতা ফ্রান্স।

বিরতির আগেই দেশের হয়ে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে গোলের কীর্তি গড়ে দলকে এগিয়ে নেন এমবাপে। দ্বিতীয়ার্ধে মরিয়া চেষ্টা করেও সমতা আনতে ব্যর্থ হয় পেরু। এই জয়ে শেষ ষোলো নিশ্চিত হয় ফ্রান্সের আর বিশ্বকাপ থেকে বিদায় নেয় পেরু।

ফ্রান্স ০-০ ডেনমার্ক

আগেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় প্রথম পছন্দের ছয়জনকে ছাড়াই ডেনমার্কের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামে ফরাসিরা। একটি পয়েন্ট পেলে গ্রুপ সেরা হওয়া নিশ্চিত ছিল।

অন্যদিকে প্রতিপক্ষ ডেনমার্কেরও শেষ ষোলোয় যেতে ড্র যথেষ্ট ছিল। এ কারণেই হয়তো দুই দলই নিরাপদ পথে হেটে গোল করার চেয়ে রক্ষণে বেশি মনোযোগ দেয়। টুর্নামেন্টের প্রথম গোলশূন্য ড্রয়ে ধীর গতির খেলার জন্য মাঠেই সমর্থকদের দুয়ো শুনতে হয় গ্রিজমান-এমবাপেদের। দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোয় পা রাখে ফ্রান্স।

শেষ ষোলো: ফ্রান্স ৪-৩ আর্জেন্টিনা

কাজানে শেষ ষোলোয় আর্জেন্টিনার বিপক্ষে রোমাঞ্চকর এক লড়াই উপহার দেয় ফ্রান্স। এমবাপের গতি ম্যাচ জুড়ে ভোগায় আর্জেন্টিনার রক্ষণকে। ত্রয়োদশ মিনিটে পেনাল্টি থেকে গ্রিজমান দলকে এগিয়ে নেন। বিরতির আগেই বাঁ পায়ের দুর্দান্ত বাঁকানো শটে সমতা ফেরান আনহেল দি মারিয়া।

বিরতির পর লাতিন পরাশক্তিদের এগিয়ে নেন গাব্রিয়েল মের্কাদো। দারুণ এক ভলিতে দ্রুতই সমতা আনেন বাঁজামাঁ পাভার্দ। ৬৪তম মিনিটে বাঁ পায়ের কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন এমবাপে। চার মিনিট পর ডান পায়ের আরেক গোলে ফ্রান্সের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসির ক্রসে গোল করে ম্যাচে আবারও উত্তেজনা ফিরিয়ে আনেন সের্হিও আগুয়েরো। বাকি সময়ে অবশ্য চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি হোর্হে সাম্পাওলির দল।

কোয়ার্টার-ফাইনাল: ফ্রান্স ২-০ উরুগুয়ে

কোয়ার্টার-ফাইনালে নিজনি নভগোরোদ স্টেডিয়ামে লক্ষ্যে থাকা প্রথম প্রচেষ্টাতেই গোল পায় ফ্রান্স। ৪০তম মিনিটে গ্রিজমানের ফ্রি-কিকে ডিফেন্ডার রাফায়েল ভারানের হেডে পোস্ট ঘেঁষে বল জালে জড়ায়।

বিরতির পর উরুগুয়ের গোলরক্ষক ফের্নান্দো মুসলেরার মারাত্মক এক ভুলে ব্যবধান দ্বিগুন করেন গ্রিজমান। এরপর বার বার আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি অস্কার তাবারেসের দল। বিশ্বকাপে প্রথমবারের মতো উরুগুয়েকে হারিয়ে ষষ্ঠবারের মতো শেষ চারে জায়গা করে নেয় ফ্রান্স।

সেমি-ফাইনাল: ফ্রান্স ১-০ বেলজিয়াম

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারানো বেলজিয়াম শুরু থেকেই বল দখল আর আক্রমণে এগিয়ে ছিল। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। বিরতির পর প্রথম সুযোগেই গোল পেয়ে যায় ফ্রান্স। ৫১তম মিনিটে গ্রিজমানের কর্নারে হেডে বল জালে পাঠান বার্সেলোনার ডিফেন্ডার সামুয়েল উমতিতি।

পুরো ম্যাচে দুর্দান্ত খেলা অধিনায়ক এদেন আজার আর কেভিন ডে ব্রুইনে অনেক সুযোগ তৈরি করলেও আসরে প্রথমবারের মতো গোলশূন্য থাকে বেলজিয়াম। দারুণ সতর্ক আর রক্ষণাত্মক ফুটবলে তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে ফ্রান্স।