নেইমারের কাছে থেকে আরও বেশি প্রত্যাশা ছিল রোনালদোর
রাশিয়া বিশ্বকাপে নেইমার প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফরোয়ার্ড রোনালদো। তবে স্বদেশি ফুটবলারের পারফরম্যান্সে চোটের প্রভাব দেখছেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার।
এবারের বিশ্বকাপে আশানুরূপভাবে জ্বলে উঠতে পারেননি ব্রাজিলের সেরা খেলোয়াড়। পিএসজির এই ফরোয়ার্ড করেন দুটি গোল। বেলজিয়ামের কাছে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
পায়ের পাতার মেটাটারসাল হাড় ভাঙার পর বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার তিন মাসেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন। এরপর সরাসরি বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় খেলতে আসা নেইমারের পারফরম্যান্সে এর প্রভাব দেখছেন রোনালদো।
“আমরা সবাই তার থেকে আরও বেশি প্রত্যাশা করেছিলাম কারণ সে ছিল দলটার তারকা।”
“আমি জানি না তার পায়ের পাতার অস্ত্রোপচারের কারণে বা অন্য কোনো সমস্যায় এমনটা হলো কি-না। কিন্তু আমি তাকে মাঠে তার পারফরম্যান্স বেশ সীমিত দেখেছি।”
“একটা অস্ত্রোপচারের পর পরই একটা বিশ্বকাপে আসা এবং তিন মাস বাইরে থাকাটা জটিল। যেন কিছুই হয়নি এমনভাবে প্রথম ম্যাচ খেলাটা কঠিন।”
“আমি তাকে পাঁচ বছর আগে জিজ্ঞাসা করেছিলাম এবং সে ব্যাখ্যা করেছিল যে অনেক সময় যখন তাকে আঘাত করা হয়, সে ওভাবে প্রতিক্রিয়া দেখায় যাতে আঘাতটা আরও বড় না হয়।”
“আমার সাথেও এমন হয়েছে। আমি অনুভব করতাম যে আমি অন্যায় আচরণের শিকার হচ্ছি কিন্তু রেফারিরা ফাউল দিচ্ছে না।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ ব্যঙ্গ-বিদ্রুপের শিকার নেইমারকে এসব নিয়ে মাথা না ঘামানোর পরামর্শ দিয়েছেন ২০০২ বিশ্বকাপ জয়ী এই তারকা।
“তোমাকে এটা ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে এবং এসব মানিয়ে নিতে হবে।”
সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে ১০ বার ফাউলের শিকার হন ২৬ বছর বয়সী নেইমার। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে ইংল্যান্ডের অ্যালান শিয়েরারের পর বিশ্বকাপের এক ম্যাচে এত বেশি ফাউলের শিকার হননি আর কোনো খেলোয়াড়। ঠান্ডা মাথায় নেইমারকে কঠিন পরিস্থিতি সামলাতে পরামর্শ দেন রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের সাবেক খেলোয়াড় রোনালদো।
“ম্যাচ চলার সময় নেইমারকে আরও ভালোভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে।”
২০২২ সালে কাতার বিশ্বকাপের সময় নেইমারের বয়স হবে ত্রিশ। তাই রোনালদো বিশ্বাস করেন, বিশ্বমঞ্চে আলো ছড়ানোর সময় এখনও আছে তার উত্তরসূরির।
“তাকে অবশ্যই এই বিশ্বকাপ থেকে শিখতে হবে। কারণ ২৬ বছর বয়সে এখনও সে তরুণ।”
