৬ বছরের চুক্তিতে বার্সেলোনায় ব্রাজিলের আর্থার
ছয় বছরের চুক্তিতে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও থেকে মিডফিল্ডার আর্থারকে দলে নিয়েছে বার্সেলোনা। লা লিগার ক্লাবটিতে ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত খেলবেন ব্রাজিলের এই ফুটবলার।
আর্থারকে পেতে কাতালান ক্লাবটির খরচ হচ্ছে চার কোটি ইউরো। চুক্তি অনুযায়ী আপাতত তিন কোটি ১০ লাখ ইউরো দিতে হবে। ২১ বছর বয়সী এই খেলোয়াড়ের বাই-আউট ক্লজ ধরা হয়েছে ৪০ কোটি ইউরো।
গত মার্চে আর্থারের দল-বদল নিয়ে বার্সেলোনা ও গ্রেমিওর মধ্যে সমঝোতা হয়েছিল।
ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাওলিনিয়ো ধারে চাইনিজ ক্লাব গুয়াংজু এভারগ্রান্দে ফিরে যাওয়ার পর দিন সোমবার আর্থারের সঙ্গে চুক্তির ঘোষণা দেয় বার্সেলোনা।
গ্রেমিওর হয়ে ৬৬ ম্যাচ খেলে ৬ গোল করা আর্থার বুধবার বার্সেলোনায় যোগ দেবেন বলে ক্লাবটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে।
