ক্রোয়েশিয়া ম্যাচে ‘বড়সড় পরিবর্তনের’ পরিকল্পনা সাম্পাওলির
রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে আর্জেন্টিনা দলে বড়সড় পরিবর্তনের পরিকল্পনা করছেন কোচ হোর্হে সাম্পাওলি।
আইসল্যান্ডের সঙ্গে ১-১ ড্রয়ের পর সোমবার করা প্রথম অনুশীলন সেশনেই দলকে ভিন্ন কৌশলে সাজিয়েছিলেন সাম্পাওলি।
গাব্রিয়েল মের্কাদো, নিকোলাস ওতামেন্দি এবং নিকোলাস তাগলিয়াফিকোকে নিয়ে তিন সেন্ট্রাল ডিফেন্ডারের ছক পরীক্ষা করেছেন কোচ। চার ডিফেন্ডার নিয়ে খেলা আইসল্যান্ড ম্যাচে রোহোর পারফরম্যান্স ছিল খারাপ; তার বদলে মের্কাদোকে নিয়েছেন কোচ।
অনুশীলনে উল্লেখযোগ্য পরিবর্তন দুই মিডফিল্ডার লুকাস বিগলিয়া ও আনহেল দি মারিয়ার বাদ পড়া। বিগলিয়ার বদলে কোচ নিয়েছেন মার্কোস আকুনাকে; লেফট উইংয়ে খেলেছেন তিনি।
হাভিয়ের মাসচেরানো ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই খেলবেন। রাইট ব্যাক এদুয়ার্দো সালভিওকে উপরে তুলে উইং-ব্যাকে খেলিয়েছেন সাম্পাওলি।
সংবাদ সম্মেলনে কোচের কৌশল বদল নিয়ে কথা বলেন মের্কাদো, “হ্যাঁ, আমরা ভিন্ন কৌশল নিয়ে কাজ করেছিলাম। উইং বা মাঝমাঠ মিলিয়ে পাঁচ জনের একটা লাইন ধরে নিয়ে কাজ করেছিলাম।”
“প্রত্যেক ম্যাচ আলাদা কিছু দাবি করে। যদি এটা পাঁচ জনের লাইন হয়, তাহলে আমরা সেটা করব-যদি চার জনের হয়, সেটা করব। আমরা কিভাবে খেলব, সেটা চূড়ান্ত করার জন্য আমাদের হাতে কয়েকটা দিন আছে।”
“আমি মনে করি, হোর্হে সব পজিশনই খুটিয়ে দেখছেন। দেখা যাক কি হয় এবং ওই দিন তিনি কি সিদ্ধান্ত নেন। আমি আত্মবিশ্বাস অনুভব করছি এবং সৌভাগ্যক্রমে বিষয়গুলো আমার জন্য ভালো যাচ্ছে কিন্তু আমি এখনও জানি না শুরুর একাদশে থাকব কিনা।”
আর্জেন্টিনা কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ১২ ম্যাচে কখনও একই একাদশকে টানা খেলাননি সাম্পাওলি।
ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুর একাদশের সম্ভাব্য বাকি চার জন লিওনেল মেসি, উইলি কাবাইয়েরো, মাক্সিমিলিয়ানো মেসা ও আইসল্যান্ড ম্যাচে গোল করা সের্হিও আগুয়েরো।
‘ডি’ গ্রুপে শীর্ষে রয়েছে নাইজেরিয়াকে ২-০ গোলে হারানো ক্রোয়েশিয়া।
