ব্রাজিলের গোয়েসকে দলে টানছে রিয়াল
ব্রাজিলের সম্ভাবনাময়ী তরুণ ফুটবলার রদ্রিগো গোয়েসকে দলে টানতে সান্তোসের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। চুক্তি অনুযায়ী ১৮ বছর বয়সে লিগার ক্লাবটিতে যোগ দেবেন এই ফরোয়ার্ড।
সংবাদ মাধ্যমে খবর, গোয়েসের সঙ্গে সাত বছরের চুক্তি করেছে রিয়াল। তাকে পেতে চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের খরচ সাড়ে ৪ কোটি ইউরো।
১৭ বছর বয়সী এই খেলোয়াড়কে নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলেরও আগ্রহ ছিল বলে বেশ কিছু সংবাদ মাধ্যমে খবর।
কোপা লিবের্তাদোরেসে নাসিওনালের জালে বল পাঠিয়ে সান্তোসের হয়ে সবচেয়ে তরুণ খেলোয়াড় হিসেবে গোল করার কীর্তি গড়েন গোয়েস। গত নভেম্বরে সান্তোসের মূল দলে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯টি গোল করেছেন তিনি।
রিয়াল তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ২০১৯ সালের জানুয়ারিতে গোয়েস ১৮ বছরে পা রাখলেও স্পেনে পাড়ি জমাবেন ওই বছরের জুলাইয়ে।
