‘আশা করি রিয়ালেই থাকবে রোনালদো’
ক্রিস্তিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে খেলা চালিয়ে যাবে বলে বিশ্বাস ক্লাবটির সাবেক পর্তুগিজ তারকা লুইস ফিগোর।
গত মাসে রিয়ালের টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দিন হঠাৎ ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়ে সবার নজর কাড়েন ৩৩ বছর বয়সী রোনালদো।
পরে নিজের ভবিষ্যৎ নিয়ে এমন মন্তব্যের জন্য ট্রফি নিয়ে রিয়ালের বিজয় মিছিলের আগে ক্ষমা চান পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার। তবে গুঞ্জন আছে, আগের ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যেতে পারেন পর্তুগিজ ফরোয়ার্ড। লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজির সঙ্গেও নাকি তার যোগাযোগ আছে।
সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার এক চ্যারিটি ম্যাচে আর্সেনালের বিপক্ষে রিয়ালের লিজেন্ড দলের জয়ের পর রোনালদোকে নিয়ে ফিগো বলেন, "সব রিয়াল মাদ্রিদ সমর্থকের মতো আমিও আশা করি, ক্রিস্তিয়ানো এখানে থাকবে।"
"এক সময় সে খেলা থামিয়ে দেবে। কিন্তু রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম সেরা ক্লাব হিসেবে চলতেই থাকবে।"
ক্লাবের হয়ে আরও একটি সফল মৌসুম শেষ করা রোনালদোর সামনে এখন বিশ্বকাপ মিশন। ১৫ জুন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পর্তুগালের রাশিয়া বিশ্বকাপ। 'বি' গ্রুপে তাদের অপর দুই প্রতিদ্বন্দ্বী মরক্কো ও ইরান।
