‘রোনালদো রিয়াল মাদ্রিদের প্রতীক’
ক্রিস্তিয়ানো রোনালদো ক্লাবের আর্জেন্টাইন কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানোর যোগ্য উত্তরসূরি বলে মনে করেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস। জানিয়েছেন, পর্তুগিজ এই ফরোয়ার্ড এখন ক্লাবের প্রতীক।
সভাপতি হিসাবে নিজের দ্বিতীয় মেয়াদে ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রোনালদোকে সান্তিয়াগো বের্নাবেউয়ে আনেন পেরেস। এর মাধ্যমে রিয়ালে শুরু হয় দ্বিতীয় গালাক্তিকোস যুগের।
এরপর নিজেকে ধীরে ধীরে সর্বকালের অন্যতম সেরা একজন ফুটবলারে পরিণত করেন রোনালদো। মাদ্রিদের হয়ে ক্লাব পর্যায়ের সবকিছুই জিতেছেন পর্তুগিজ তারকা। তার পাঁচ ব্যালন ডি’অরের চারটি জিতেছেন এই সময়ে।
নয় বছরে লা লিগাসহ সব ধরনের প্রতিযোগিতায় রিয়ালের হয়ে সর্বকালের সেরা গোলদাতাতে পরিণত হয়েছেন ৩২ বছর বয়সী তারকা।
পেরেস বিশ্বাস করেন, ক্লাবে রোনালদোর প্রভাব গত শতকের মাঝামাঝি মাদ্রিদের হয়ে মাঠ কাঁপানো দি স্তেফানোর মতোই।
“সে আমাদের সর্বকালের সেরা গোলদাতা এবং প্রতিভা, পরিশ্রম, ত্যাগ, পেশাদারিত্ব ও উচ্চাকাঙ্ক্ষা সবকিছুরই প্রতিনিধিত্ব করে। বর্তমানে ক্রিস্তিয়ানো রিয়ালের প্রতীক।”
লা লিগায় চলতি মৌসুমে খারাপ ফলের পর অনেকেই জিদানের শেষ দেখলেও, তার প্রশংসা করেছেন রিয়াল সভাপতি।
“একজন কোচ হিসাবে তিনি যা কিছু জিতেছেন, মাদ্রিদে তা কেউই পারেনি - দুই বছরে আটটি শিরোপা। ফুটবলে তিনি এক দারুণ প্রতিভা এবং তিনি তা প্রমাণও করেছেন।”
