ইরানের জালে ৮ গোল বাংলাদেশের মেয়েদের
হংকংয়ের আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে ইরানকেও উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-১৫ বছর বয়সীদের এই প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ৮-১ গোলে জিতেছে গোলাম রব্বানী ছোটনের দল।
চার দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১০-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, তহুরার হ্যাটট্রিকে ম্যাচের আধ ঘণ্টা যেতে না যেতেই স্কোরলাইন ৩-০ করে নেয় বাংলাদেশ। ত্রয়োদশ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর ২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা। চার মিনিট পর হ্যাটট্রিক পূরণ করেন এই ফরোয়ার্ড।
জকি ক্লাব গার্লস ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট নামের এই প্রতিযোগিতায় আগামী রোববার স্বাগতিক হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। কোচ রব্বানীও তাকিয়ে আছেন শেষ ম্যাচের দিকে।
“গত দুই ম্যাচে সবমিলিয়ে মেয়েদের পারফরম্যান্সে আমি দারুণ খুশি। এখন আমি হংকংয়ের বিপক্ষে ম্যাচের দিকে তাকিয়ে আছি।”
“নিয়মিত গোল করতে পেরে আমি খুব খুশি। এখন আমরা শেষ ম্যাচে আমাদের সবটুকু দিয়ে হংকংকে হারাতে চাই; দেশের জন্য শিরোপা জিততে চাই।”
