২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাওস ম্যাচ দিয়ে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ

২০১৬ সালের অক্টোবরে ভুটানের কাছে এশিয়া কাপের বাছাইপর্বে ওঠার প্লে-অফ ম্যাচে হারের পর এই প্রথম খেলতে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন শুরু করতে চাইছেন কোচ অ্যান্ড্রু অর্ডও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 09:37 PM

Updated : 08 Apr 2022, 06:07 PM

ভুটানের কাছে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। দেড় বছর পর আগামী মঙ্গলবার সন্ধ্যায় লাওসের মাঠে প্রীতি ম্যাচ খেলতে নামবে দল।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), কাতার ও থাইল্যান্ডে প্রস্তুতি নিয়ে লাওসের বিপক্ষে নামবে দল। কোচও মুখিয়ে আছেন শিষ্যদের মাঠের লড়াই দেখার।

“আমরা এ পর্যন্ত যে প্রস্তুতি নিয়েছি সেটা মাঠে প্রয়োগ করতে হবে। ম্যাচ নিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।”

“আমরা যখন শুরু করেছিলাম, তখনকার চেয়ে এখন ছেলেদের মানসিকতা আরও ভালো। অতীতে ছেলেদের যে বাজে অভ্যাস ছিল, সেটা কাটিয়ে ওঠার জন্য তারা কঠোর পরিশ্রম করেছে।”

“ভালো দিকটা হচ্ছে, আমি ১৭ জন খেলোয়াড় পেয়েছি, যারা প্রত্যেকেই এখন শুরুর একাদশে খেলতে পারে। একদল ভালো খেলোয়াড় পাওয়ার কথা শুরুর দিকে আমিও ভাবিনি। এখন দেখার বিষয়, কে আরও বেশি চেষ্টা করে সেরা একাদশে জায়গা করে নিতে পারে। আমরা ঠিকঠাকভাবে কাজ শুরু করেছিলাম, এখন প্রয়োজন মাঠে খেলা।”

ফিফার বর্তমান র‌্যাঙ্কিংয়ে এগিয়ে আছে লাওস। বাংলাদেশে ১৯৭তম আর লাওস ১৮৩তম।

থাইল্যান্ডে খেলা দুটি প্রস্তুতি ম্যাচের মধ্যে প্রথমটিতে রাচাবুরি এফসি কাছে হারের পর পরের ম্যাচ তৌহিদুল আলম সবুজের হ্যাটট্রিকে ব্যাংকক গ্লাস এফসিকে হারিয়েছিল বাংলাদেশ। ডিফেন্ডার তপু বর্মন অবশ্য এসব নিয়ে ভাবছেন না। লাওসের মাঠে জেতাই লক্ষ্য তার।

“আমরা কঠোর অনুশীলন করেছি। কাতারে দুই সপ্তাহ কাটিয়েছি। এরপর ঢাকায় দুই দিন থাকার পর থাইল্যান্ডে গিয়েছিলাম, সেখানে ‍দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। দলের সবাই ফিট আছে। লাওসের বিপক্ষের ম্যাচটিকে আমরা খুব গুরুত্ব দিচ্ছি। ম্যাচটি জেতার এবং জাতিকে ফুটবল নিয়ে একটু আনন্দ করার উপলক্ষ্য এনে দিতে আমরা আশাবাদী।”