২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও ভালোবাসার টানে মাঠে

শুধু ভালোবাসা আর আগ্রহ থেকে অংশগ্রহণ, তারপর জাতীয় পর্যায়ের গণ্ডি জয় করে ছুটে চলা আন্তর্জাতিক প্রাঙ্গণে। কাবাডি, শ্যুটিং, সাঁতার, ভারোত্তোলন, বাস্কেটবল, তীর নিক্ষেপ, গলফ এমনকি ঘোড়দৌড়েও বাংলাদেশের নারী ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন পুরুষের সমানতালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাজিয়া আফরিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2018, 05:57 PM

Updated : 11 Oct 2022, 12:10 PM

দেশে-বিদেশে সাফল্যের পথ খুঁজে পেলেও নারী ক্রীড়াবিদরা জানেন না, ভবিষ্যৎ কোন পথে চলবে, খেলা নিয়ে আরও এগিয়ে যাওয়ার শক্তি কোথায় পাবেন।

মাঝে মাঝে বিদেশ ভ্রমণ, জিতলে পদকের সঙ্গে কিছু অর্থ সমাগম- ব্যস, এইটুকুই তাদের পাওয়া। কিন্তু যত দিন গড়াতে থাকে, ততই ফিকে হয়ে আসতে থাকে স্বপ্নটা। কারণ খেলায় ধারাবাহিকতা ধরে রাখতে ও দক্ষতা বাড়াতে পুরুষ ফুটবলার বা ক্রিকেটারদের মত নারীদের জন্য নেই কোনো মাসিক বেতন-ভাতা।

খেলার মাঠে তাদের অল্প সময়ের এই যে ছুটে চলা, তা শুধু ভালোবাসা থেকেই।  

আন্তর্জাতিক নারী দিবসে নিজেদের স্বপ্ন, সংগ্রাম আর প্রাপ্তি-অপ্রাপ্তির কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশকে সাফল্য এনে দেওয়া চার নারী ক্রীড়াবিদ।

তারা জানিয়েছেন, খেলাটাকে পেশা হিসেবে নিতে চান। নিজেদের যোগ্যতা দিয়ে তারা পরিচিতি, সম্মান এবং আর্থিক নিশ্চয়তা চান।

তাসমিনা আক্তার, ঘোড়দৌড়  

অনেকেই হয়তো জানেন না, বাংলাদেশের একমাত্র নারী ঘোড়সওয়ারী তাসমিনা আক্তার। দশ বছর বয়স থেকে দেশের বিভিন্ন স্থানে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতে আসছেন তাসমিনা।

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার চকসুবল গ্রামের ১৩ বছর বয়সী তাসমিনা এখন পড়ছেন শংকরপুর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে।

তার বাবা ওবায়দুর রহমান জানান, তার একটি ঘোড়া ছিল। পাঁচ বছর বয়স থেকেই সেটি চালাতে শেখে তাসমিনা।

দারিদ্র্যের কারণে ঘোড়াটি বিক্রি করে দিতে হলেও অন্যের ঘোড়া ছুটিয়ে বিভিন্ন আঞ্চলিক প্রতিযোগিতা, মেলায় ছেলেদের হারিয়ে সবসময় জিতে আসতেন তিনি। তবে পুরস্কার উঠত ঘোড়ার মালিকের হাতে, তাসমিনা থেকে যেতেন অন্তরালে।

তবে এখন তাসমিনার একটি নিজের ঘোড়া রয়েছে, তা নিয়েই সারা দেশের যেখান থেকেই ঘোড়দৌড় প্রতিযোগিতার ডাক আসুক, তিনি আর বাবা ছুটে যান।

তাসমিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি আর কিছু পারি না ঘোড়া চালানো ছাড়া। কেউ যদি সাহায্য করে, একদিন আমি বিদেশে যাইতে চাই এই খেলা খেলতে। বড় হইয়াও এইটাই করব।”

শাহনাজ পারভীন মালেকা, কাবাডি

১৩ বছর বয়সে বিয়ে আর পনেরতেই সন্তানের মা। তারপরও থেমে থাকেননি শাহনাজ পারভীন মালেকা। সবসময়ই খেলাধুলা তাকে টেনেছে চুম্বকের মত। অষ্টম শ্রেণিতে পড়ার সময় মায়ের কোলে নিজের শিশুকন্যাকে রেখে স্কুলের মাঠে খেলতে চলে যেতেন।

উচ্চ মাধ্যমিকে পড়ার সময় বাংলাদেশ আনসারে চাকরি হয়। লেখাপড়া আর শেষ করেননি। চাকরিতে গিয়েও খেলার নেশা তাকে নিয়ে গেছে জাতীয় কাবাডি দলে। বর্তমানে কাবাডি দলের অধিনায়ক তিনি। বাংলাদেশের আর কোনো নারী খেলোয়াড় তার সমসংখ্যক পদক এখনও জিততে পারেনি। ২০১০ ও ২০১৪ সালের এশিয়ান গেমসে তার দল ব্রোঞ্জ পদক লাভ করে।

মালেকা জানান খেলা ছেড়ে দেওয়ার পরের সময়গুলো নিয়েই তার বেশি চিন্তা।

“একটা সময় ফিটনেস থাকবে না। খেলতে পারব না। তখন আমাদের কে চিনবে? কেইবা দেখবে? পেশা হিসেবে তো কাবাডিকে নিতে পারলে আর কিছুই চাইতাম না জীবনে। কিন্তু টাকার আশা তো এখানে কেউ দিচ্ছে না।”

ইনজুরি হলেও তারা ভয়ে থাকেন বলে জানান মালেকা। কাবাডি খেলায় ইনজুরির পরিমাণ বেশ গভীর ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া একজন নারী যখন কাবাডি খেলেন নানাভাবে তার নিরাপত্তার দরকার হয়।

মালেকা বলেন, “আমাদের ইনজুরি হওয়া মানেই আমরা অচল।”

কাবাডির প্রতি মেয়েদের আগ্রহ কেমন জানতে চাইলে বলেন, “অনেক মেয়ে কাবাডি খেলতে চায়, গ্রামের মেয়েরা, স্কুলের মেয়েরা...কিন্তু দক্ষতা বাড়ানোর জন্য ট্রেনিং, ভাতা, পরিচিতি এসবের অভাবে খেলতে এলেও ওরা ঝরে যায়। আমাদের সরকার তো অনেক করেন সবার জন্য, আমাদের জন্য কিছুটা করলেই অনেক।”

একদিন রাষ্ট্রীয় পদক পাওয়ার স্বপ্নও দেখেন মালেকা।

উম্মে জাকিয়া সুলতানা টুম্পা, শ্যুটিং 

বিকেএসপি থেকে স্নাতক শেষ করা টুম্পা ঢাকা রাইফেলস ক্লাবের শ্যুটার, বর্তমানে খেলছেন জাতীয় দলের হয়ে। ১৬ বছর বয়স থেকে শ্যুটিং শুরু করেন তিনি। মূলত দশ ও পঞ্চাশ মিটার শ্যুটিংয়ে তিনি দক্ষ। টুম্পা ২০০৮ সাল থেকে পদক জিতে আসছেন এবং ২০১৭ এর ১৯তম জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপের দশ মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণপদক জেতেন।

তিনি জানান, শ্যুটিংয়েই ক্যারিয়ার গড়তে চান, তবে ভরসা পাচ্ছেন না। এত পদক আছে তার ঝুলিতে, অথচ কোনো প্রাইজমানি পাননি। টুম্পা মনে করেন শ্যুটিংয়ে অনেক মেয়ে আসবে, যদি সুযোগ সুবিধা আর ভাতার কোনো ব্যবস্থা সরকার করে।

“অনেক মেয়েই আসে, তবে থাকে না। প্রথমত শ্যুটিং খুব ব্যয়বহুল খেলা, প্রতিনিয়ত প্র্যাকটিসের দরকার হয়, ইকুইপমেন্টস লাগে। প্র্যাকটিস করার জায়গারও খুব অভাব আমাদের দেশে।”

খেলোয়াড় আশরিন মৃধা, বাস্কেটবল

বাংলাদেশের কয়েকজন সেরা নারী অ্যাথলেটদের নিয়ে জাতীয় বাস্কেটবল দল। তার মধ্যে একজন আশরিন মৃধা। জাতীয় দলের হয়ে ২০১৬ সালে নেপালে সাউথ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ খেলেছেন। এছাড়াও একাধিকবার দেশে-বিদেশে দক্ষতার ছাপ রেখেছেন।

আশরিনের সবচেয়ে বড় আক্ষেপ বাস্কেটবল শেখানোর কোনো ভালো জায়গা নেই দেশে। ঢাকা ছাড়া সারাদেশে বাস্কেটবলের কোনো ট্রেনিং ইনস্টিটিউটও নেই।

“দেখা যায় আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ আসছে, কিন্তু আমরা হঠাৎ করে যেতে পারছি না, কারণ আমাদের কোন টিম রেডি থাকে না সারা বছর। বছরজুড়ে যে অনুশীলন, ট্রেনিংয়ের মাধ্যমে প্লেয়ার তৈরি করা, তা হয় না।”

নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত আশরিন জানান, খেলাকে তিনি অবশ্যই পেশা হিসেবে নিতে চান কিন্তু পরিস্থিতি তাকে সেই নিশ্চয়তা দিতে পারছে না।

“আমি চাই মেয়েরা আরও উৎসাহিত হোক খেলায় আসতে। আমাদের অর্থনৈতিক সমস্যাটাই প্রধান। এত কষ্টের খেলা, আমাদের ভালবাসার জায়গা থেকেই খেলে যাচ্ছি। দিন শেষে অর্জনটা কেবল পদকে সীমাবদ্ধ থাকলে খেলার পাশাপাশি অন্যকিছু করতেই হয়। এতে খেলার প্রতি একাগ্রতা থাকে না আর।”

খেলা থেকে অবসরের পরের সময় নিয়ে চিন্তিত আশরিনও।

দেশের মুখ উজ্জ্বল করা এই নারীদের অবদানের কথা স্বীকার করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারও। সঙ্গে নানা সমস্যা আর সীমাবদ্ধতার কথাও বললেন।

“আমাদের স্বল্প বাজেটে যে অর্থনৈতিক সাপোর্ট আমরা দেই, সেই তুলনায় তাদের যে অর্জন, তারা যা এনে দেয় দেশকে, তা আমি মনে করি অনেক অনেক বেশি।”

যুব ও ক্রীড়া খাতে ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট ১৪৮৬ কোটি টাকা, যা খুবই কম বলে মনে করেন মন্ত্রী। তিনি জানান, বাজেট বাড়ানোর জন্য এবং নানা ইভেন্টে একটি সুনির্দিষ্ট বাজেট প্রণয়নের জন্য তারা ইতিমধ্যে অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন।

নারীদের খেলাকে নারীর পেশা হিসেবে নিতে উৎসাহিত করে তিনি বলেন, “হয়ত বাংলাদেশে আমরা এখনও সেই সাপোর্টটা দিতে পারছি না সব ক্রীড়ায়। তবে আমরা যে গতিতে এগিয়ে যাচ্ছি সেদিন অবশ্যই দূরে নয় যে, পুরুষ খেলোয়াড়দের মত নারীরাও ক্রীড়ায় পেশাজীবী হবে।”