২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৮ সালে ‘সেরা ফর্মে’ আগুয়েরো

সের্হিও আগুয়েরোর পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ পেপ গুয়ার্দিওলা। ম্যানচেস্টার সিটির কোচ জানালেন, ক্লাবটির কোচের দায়িত্বে আসার পর ২০১৮ সালে আর্জেন্টাইন এই স্ট্রাইকারের সেরা পারফরম্যান্স দেখছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2018, 09:34 PM

Updated : 08 Apr 2022, 06:00 PM

চলতি বছরে এখন পর্যন্ত ১৫টি গোল করেছেন আগুয়েরো। তবে সিটির জার্সিতে ২০০তম গোলটি করার জন্য অপেক্ষা করতে হচ্ছে তাকে। ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার নিজেদের মাঠে চেলসির বিপক্ষে ১-০ ব্যবধানের জয়ে গোল পাননি আক্রমণভাগের এই খেলোয়াড়। জালের দেখা পাননি এর আগের ম্যাচে আর্সেনালের বিপক্ষে ৩-০ গোলের জয়েও।

আগুয়েরোর সবশেষ গোলটি ছিল গত সপ্তাহে আর্সেনালেরই বিপক্ষে লিগ কাপের ফাইনালে ৩-০ ব্যবধানের জয়ে।

গত দুই ম্যাচে গোল না পেলেও আগুয়েরোর পারফরম্যান্সে সন্তুষ্ট গুয়ার্দিওলা। চেলসির বিপক্ষে ম্যাচ শেষে এই স্প্যানিশ কোচ বলেন, “আমার মনে হয়, এখানে সের্হিওর সঙ্গে একত্র হওয়ার পর থেকে গত মাস, গত দুই মাসে আমি সেরা সের্হিওকে দেখেছি।”

“আমি খুবই সন্তুষ্ট। ঠিক আছে, সে গোল করেনি। এটা কোনো সমস্যা না। ভবিষ্যতে সে গোল করবে। তবে এ বছরে সে খুবই ভালো করেছে।”