২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানতাম একদিন মেসির সঙ্গে খেলব: দেম্বেলে

ক্যারিয়ারে কোনো একদিন লিওনেল মেসির সঙ্গে খেলবেন, সবসবময় এমন বিশ্বাস ছিল বলে জানিয়েছেন উসমানে দেম্বেলে। চোট কাটিয়ে ফেরা বার্সেলোনার এই ফরাসি ফরোয়ার্ডের লক্ষ্য এখন দলকে সহযোগিতা করা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2018, 09:12 PM

Updated : 08 Apr 2022, 05:59 PM

গত অগাষ্টে নেইমার পিএসজিতে চলে যাওয়ার পর ১০ কোটি ৫০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বরুসিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় নাম লেখান দেম্বেলে। অবশ্য ২০ বছর বয়সী এই খেলোয়াড় জানালেন, ডর্টমুন্ডের আগে ফরাসি ক্লাব রেনেতে থাকা সময়েই নাকি আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড মেসির সঙ্গে একই দলে খেলবেন বলে আত্মবিশ্বাসী ছিলেন।

“আমি যেখানে আছি সেখানে যেতে আমি কঠিন যুদ্ধ করেছি। আমি সবসময়ই জানতাম, কোনো একদিন মেসির সঙ্গে খেলব।”

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দীর্ঘ দিন খেলার বাইরে থাকায় নতুন সতীর্থ মেসির সঙ্গে মাঠের সম্পর্কটা জোরালো করার তেমন সুযোগ হয়ে ওঠেনি দেম্বেলের। তবে বার্সেলোনার আক্রমণভাগের অপর সদস্য লুইস সুয়ারেসের সঙ্গে এরই মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠেছে বলে জানালেন তরুণ এই খেলোয়াড়।

“আমার ও সুয়ারেসের মধ্যে দ্রুতই ভালো একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। আমরা দুজনই মজা করতে পছন্দ করি।”

বার্সেলোনার আসার পর থেকে দেম্বেলে বেশিরভাগ সময় চোটের কারণে মাঠের বাইরে থাকলেও দলের ছন্দে ভাটা দেখা যায়নি। মৌসুমের শুরু থেকেই দারুণ খেলছে এরনেস্তো ভালভেরদের দল। অপরাজিত থেকে ৫ পয়েন্টের ব্যবধানে লা লিগার শীর্ষে আছে তারা। উঠেছে কোপা দেল রের ফাইনালে। আর চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে চেলসির মাঠে ১-১ ড্র করে অ্যাওয়ে গোলের সুবিধা থাকায় কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে কিছুটা এগিয়ে আছে দলটি। সাফল্য অর্জনে মৌসুমের বাকি সময়টায় দলকে সহযোগিতা করতে চান দেম্বেলে।

“সবকিছুই ভালো গেছে। প্রথম কিছু ম্যাচ এখানে আমাকে মানিয়ে নিতে সহায়তা করেছে।”

“চোটে পড়েছি, কিন্তু আমি শান্ত থাকার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে, এটা মৌসুমের শেষ দিকে ঘটার চেয়ে প্রথমে ঘটায় ভালো হয়েছে। কেননা শেষ সময়টায় খুবই গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আসে।”