মেসিকে নিয়ে চিন্তিত হ্যাজার্ড
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে বার্সেলোনা বাধা চেলসি পার হতে পারবে বলে মনে করেন এডেন হ্যাজার্ড। তবে প্রতিপক্ষ দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে নিয়ে চিন্তিত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির ফরোয়ার্ড।
স্ট্যামফোর্ড ব্রিজে ২০ ফেব্রুয়ারি ইউরোপ সেরা প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনার মুখোমুখি হবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার পিএসজিতে চলে গেলেও বার্সেলোনায় এর কোনো প্রভাব পড়েনি। মেসির উপস্থিতিকেই এর বড় কারণ হিসেবে দেখছেন হ্যাজার্ড।
“এটা সুন্দর একটি ম্যাচ হবে। অবশ্যই, এবারের মৌসুমে আমরা গত মৌসুমের মতো অবস্থায় নেই। তারা খুবই ভালো অবস্থায় আছে। কিন্তু শেষ পর্যন্ত এটা একটি কাপ পর্যায়ের ম্যাচ। আপনি জানেন না, কী ঘটবে।”
“আর এই কারণেই আমরা ফুটবল ভালোবাসি। আমি নিশ্চিত করে বলতে পারি, আমরা একসঙ্গে খেলতে পারলে তাদের হারাতে পারবো। আমরা দেখব।”
