রিয়ালের এখনও অনেক লড়াই জেতার আছে: রোনালদো
রিয়াল মাদ্রিদ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর দল ও সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ এই ফরোয়ার্ডের মতে, সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবটির এখনও অনেক লড়াই জেতার আছে।
নিজেদের মাঠে বুধবার কোপা দেল রের শেষ আটের ফিরতি লেগে লেগানেসের কাছে ২-১ গোলে হারে রিয়াল। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ২-২ দাঁড়ালে অ্যাওয়ে গোলে পিছিয়ে থাকায় প্রতিযোগিতাটি থেকে ছিটকে যায় চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা। ম্যাচটিতে অবশ্য দলে ছিলেন না পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার রোনালদো।
ঘরের মাঠে সব ধরনের প্রতিযোগিতায় গত পাঁচ ম্যাচের মধ্যে এটা রিয়ালের তৃতীয় হার। অনেকের মতে, একের পর এক ব্যর্থতায় ক্লাবটিতে অনিশ্চিত হয়ে পড়েছে জিনেদিন জিদানের ভবিষ্যত। আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পিএসজির সঙ্গে লড়াইয়ে নিজের ভাগ্য নির্ভর করছে বলে মনে করেন এই ফরাসি কোচ নিজেও।
লা লিগার শিরোপা ধরে রাখার সম্ভাবনাও প্রায় শেষ রিয়ালের। শীর্ষে থাকা বার্সেলোনা থেকে ১৯ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়ে এখনও টিকে আছে মৌসুমের শুরুতে উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ জেতা রিয়াল।
স্পেনের সবচেয়ে সফল ক্লাব রিয়ালের এখন ইউরোপ সেরা প্রতিযোগিতাতেই সব নজর দেওয়া উচিত বলে মত দলটির রাইট ব্যাক দানি কারভাহাল। একই লক্ষ্যের ইঙ্গিত দিলেন রোনালদোও।
আক্রমণভাগের এই খেলোয়াড় টুইটারে লিখেছেন, “উজ্জীবিত হও দল। উজ্জীবিত হও মাদ্রিদিস্তাস (রিয়ালের সমর্থক গোষ্ঠী)। এখনও আমাদের অনেক লড়াই জেতার আছে।”
লা লিগায় শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় ভালেন্সিয়ার মাঠে খেলতে নামবে রিয়াল।
