ঢাকা বিভাগে কিশোরগঞ্জ সাঁতারে সেরা, হ্যান্ডবলে মাদারীপুর
বাংলাদেশ যুব গেমসের বিভাগীয় পর্যায়ের খেলায় ঢাকা বিভাগে সাঁতারে দলগত সেরা হয়েছে কিশোরগঞ্জ জেলা। ১০টি স্বর্ণ ও চারটি রৌপ্যসহ ১৪টি পদক জিতেছে জেলাটির সাঁতারুরা।
মিরপুর সুইমিং কমপ্লেক্সে সোমবার ১৪টি ইভেন্টের মধ্যে ১০টিতেই সেরা হয় কিশোরগঞ্জের সাঁতারুরা। তবে ব্যক্তিগত সাফল্যে সেরা মানিকগঞ্জের আবেদা আক্তার ও কিশোরগঞ্জের হিমেল মিয়া। ১০০ মিটার ফ্রিস্টাইল ও ব্যাকস্ট্রোকের সেরা হয়েছেন বিকেএসপির নবম শ্রেণির ছাত্রী আবেদা। ১০০ মিটার ফ্রিস্টাইল ও ব্রেস্টস্ট্রোকের স্বর্ণ জিতেছেন হিমেল।
ঢাকা বিভাগের ফুটবলে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মাঠে সেমিফাইনালে উঠেছে মানিকগঞ্জ ও কিশোরগঞ্জ। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা জেলা, নারায়গঞ্জ, ফরিদপুর ও টাঙ্গাইল জেলা দল। সৌরভ সরকারের হ্যাটট্রিকে ঢাকা ৪-০ গোলের বড় জয় পায় মাদারীপুরের বিপক্ষে। এছাড়া নারায়ণগঞ্জ ২-০ গোলে গাজীপুরকে, ফরিদপুর ১-০ গোলে রাজবাড়ীকে এবং টাঙ্গাইল ৩-১ গোলে নরসিংদীকে, মানিকগঞ্জ ৩-০ গোলে গোপালগঞ্জকে এবং কিশোরগঞ্জ ২-০ গোলে শরীয়তপুরকে হারায়।
বরিশাল বিভাগে অ্যাথলেটিক্সে ১০০ মিটার স্প্রিন্টে মেয়েদের বিভাগে ভোলা জেলার সাদিকা আফরিন ১৩ দশমিক শূন্য সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে ভোলা জেলার মোহাম্মদ বাবুল ১১ দশমিক ৩০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন।
২০০ মিটার স্প্রিন্টে ভোলার সাদিকা আফরিন (৩৫ দশমিক ১৫ সেকেন্ড), ৪০০ মিটার স্প্রিন্টে (৫০ দশমিক ৫২ সেকেন্ড)বরিশালের ফারজানা আক্তার রিপা প্রথম হয়েছেন।
খুলনা বিভাগে হ্যান্ডবলে ছেলেদের বিভাগে ফাইনালে উঠেছে বাগেরহাট ও কুষ্টিয়া জেলা দল। প্রথম সেমি-ফাইনালে কুষ্টিয়া ২৫-২৩ গোলে চুয়াডাঙ্গাকে এবং দ্বিতীয় সেমি-ফাইনালে বাগেরহাট ১৯-১০ গোলে খুলনাকে হারায়। কাবাডিতে ঝিনাইদহের মেয়েরা ৪৫-১৬ পয়েন্টে সাতক্ষীরা জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ব্যাডমিন্টনে ছেলেদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন যশোরের তামজীদ হায়দার জিৎ। মেয়েদের এককে চ্যাম্পিয়ন খুলনার উর্মি আখতার।
সিলেট বিভাগে ছেলেদের ভলিবলে সিলেট জেলা দল ৩-১ সেটে হবিগঞ্জ জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মেয়েদের বিভাগে সিলেট জেলা দল ২-০ সেটে সুনামগঞ্জ জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টেবিল টেনিস এককে (তরুণ) বিভাগে মৌলভীবাজারের জাভেদ আহমেদ ও (তরুণী) বিভাগে একই জেলার পারভীন বেগম চ্যাম্পিয়ন হন।
