২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসকে উড়িয়ে বিশ্বকাপের পথে এগিয়ে ক্রোয়েশিয়া

গ্রিসকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে ওঠার পথে এগিয়ে গেছে ক্রোয়েশিয়া। নর্দার্ন আয়ারল্যান্ডকে তাদেরই মাঠে হারিয়ে ভালো অবস্থায় আছে সুইজারল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2017, 03:57 PM

Updated : 11 Oct 2022, 02:43 PM

ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ পর্বের প্রথম ম্যাচে বৃহস্পতিবার জাগরেবে গ্রিসকে ৪-১ গোলে হারায় স্বাগতিক ক্রোয়েশিয়া।

ম্যাচের ত্রয়োদশ মিনিটে লুকা মদ্রিচের সফল স্পটকিকে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ছয় মিনিট পর কাছ থেকে ব্যবধান দ্বিগুণ করেন নিকোলা কালিনিচ।

৩০তম মিনিটে সক্রাতিস পাপাস্তাথোপুলোসের হেডে মূল্যবান অ্যাওয়ে গোলটি পায় অতিথিরা। তাতে ম্যাচে ফেরার আশা জাগালেও পারেনি ২০০৪ সালের ইউরো চ্যাম্পিয়নরা।

তিন মিনিট পরেই হেডে ব্যবধান বাড়ান ইভান পেরিসিচ। আর দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন ফরোয়ার্ড আন্দ্রেই ক্রামারিচ।

প্লে-অফের প্রথম লেগের আরেক ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডের মাঠে ১-০ গোলে জিতেছে সুইজারল্যান্ড।

বেলফাস্টের উইন্ডসর পার্কে ম্যাচের ৫৮তম মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন এসি মিলানের লেফট-ব্যাক রিকার্দো রদ্রিগেস।

আগামী রোববার হবে এই দুই লড়াইয়ে ফিরতি পর্ব।