২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদো-বেনজেমার উপস্থিতিই স্বস্তি যোগায়: জিদান

চলতি লা লিগায় করিম বেনজেমা ও ক্রিস্তিয়ানো রোনালদো গোলখরায় থাকলেও চিন্তিত নন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদ কোচের মতে, দলে আক্রমণভাগের এই দুই খেলোয়াড়ের উপস্থিতিই স্বস্তি যোগায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2017, 05:04 PM

Updated : 12 Apr 2022, 12:40 AM

লা লিগায় জিরোনা ও চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যাম হটস্পারের কাছে হারা রিয়াল রোববার রাতে ৩-০ গোলে লাস পালমাসকে উড়িয়ে দেয়। সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার এই ম্যাচে গোলের দেখা পাননি রোনালদো, বেনজেমার কেউই। কাসেমিরোর গোলে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে একবার করে জালে বল জড়িয়ে দলের জয় নিশ্চিত করেন মার্কো আসেনসিও ও ইসকো।

রোনালদো গোলের দেখা না পেলেও ইসকোকে দিয়ে দলের তৃতীয় গোলটি করান। তার একটি শট পোস্টে লাগে। তাছাড়া বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। তবে আশানুরূপ ছিল না বেনজেমার খেলা। নিজেদের সমর্থকদের কিছু অংশের দুয়োর শিকার হন তিনি। অবশ্য ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিষয়টা এড়িয়ে গেলেন জিদান।

“আমি জানি না। আমি এটা শুনিনি।”

রোনালদো-বেনজেমার ফর্মহীনতায় চিন্তিত নন রিয়াল কোচ। বরং মাঠে এই দুই খেলোয়াড়ের উপস্থিতি একটা পার্থক্য গড়ে দেয় বলে মনে করেন তিনি।

“দিন শেষে আমরা যা করতে চাই, তা হলো- কাজ চালিয়ে যাওয়া এবং সঠিক কাজটা করা। আমরা বেনজেমা ও ক্রিস্তিয়ানোর কথা বলছি। আমি জানি না তাদের কী পরিমান গোল আছে।… কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কাজটা তারা করে। এটাতে স্বস্তি পেতে হবে আমাদের।”

“আপনারা (সংবাদমাধ্যম) সবসময় নেতিবাচক বিষয় চিন্তা করেন। আমি ইতিবাচক চিন্তা করি। ক্রিস্তিয়ানো ইসকোর গোলের জন্য পাস দিয়েছে। আমি আপনাকে বলতে পারি, এটা নিয়ে সে খুবই সন্তুষ্ট।”

পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদোকে নিয়ে জিদান বলেন, “আমরা বিশ্বাস করি, সে পার্থক্য গড়ে দিতে পারে। লিগে গোল করে সে এখন এটা করতে পারছে না, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে গোল করছে। অন্যান্য ব্যাপারগুলোও সে করছে। সে দলের জন্য উপকারী। শেষ পর্যন্ত সে একটা পার্থক্য গড়বে।”

আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর রিয়াল তাদের প্রথম লড়াইয়ে আতলেতিকো মাদ্রিদের মাঠে খেলতে যাবে। ম্যাচটিতে গ্যারেথ বেল চোট কাটিয়ে রোনালদো ও বেনজেমার সঙ্গে মাঠে ফিরতে পারেন বলে আশা জিদানের।