২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ পেনাল্টিতে রিয়ালের জয়

তৃতীয় সারির দল ফুয়েনলাব্রাদাকেও লড়াই করে হারাতে হলো রিয়াল মাদ্রিদের। দ্বিতীয়ার্ধে দুই পেনাল্টি থেকে গোলে স্প্যানিশ কাপে জিতেছে লা লিগা চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2017, 08:57 AM

Updated : 19 Aug 2022, 05:51 PM

বুধবার রাতে চতুর্থ রাউন্ডের প্রথম লেগের ম্যাচে প্রতিপক্ষের মাঠে ৬৩তম মিনিটে পেনাল্টি থেকে রিয়ালকে এগিয়ে দেন আসেনসিও। তার আগ পর্যন্ত লড়াই করে যাচ্ছিল ফুয়েনলাব্রাদা।

হাকিমিকে ফ্রান গার্সিয়া ফাউল করলে স্পটকিকের নির্দেশ দিয়েছিলেন রেফারি। তবে পরে রিপ্লেতে দেখা যায় ফাউল হয়েছিল ডি-বক্সের বাইরে।

এরপর তিও এরনদেঁজকে ফাউলের জন্য আবার পেনাল্টি পায় রিয়াল। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কানেদেলাকে। আর স্পটকিক থেকে গোল করে জয় নিশ্চিত করেন লুকাস ভাসকেস।

ম্যাচের শেষ দিকে রিয়ালের সেন্টার-ব্যাক হেসুস ভাইয়েহো ক্লাবের হয়ে অভিষেকের দিন সরাসরি লালকার্ড দেখে বহিস্কৃত হন। তবে রিয়ালকে বাকি সময়ে আর কোনো বিপদে পড়তে হয়নি।

গত রোববার এইবারের বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচের একাদশ থেকে ছয়টি পরিবর্তন এনেছিলেন কোচ জিনেদিনন জিদান। বিশ্রাম পেয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো সহ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

খেলোয়াড় বা কোচ হিসেবে জিদান এখনও স্প্যানিশ কাপ বা কোপা দেল রে জিততে পারেননি।

গত মঙ্গলবার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা চতুর্থ রাউন্ডের ম্যাচে রিয়াল মুর্সিয়াকে ৩-০ গোলে হারায়।