২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালে মেসিকে স্বাগতম হ্যাকারদের!

বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসিকে স্বাগত জানিয়ে রিয়াল মাদ্রিদের অ্যাকাউন্ট থেকে টুইট আর ফেইসবুকে পোস্ট এসেছে! পরে জানা গেছে, কাতালান দলটির মতো লা লিগা চ্যাম্পিয়নরাও পড়েছে হ্যাকারদের কবলে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2017, 05:04 PM

Updated : 12 Apr 2022, 12:13 AM

গত মৌসুমে লিগে সান্তিয়াগো বের্নাবেউয়ে যোগ করা সময়ে বার্সেলোনার ৩-২ গোলের নাটকীয় জয়ে মেসির জয়সূচক গোলের ভিডিও দিয়ে হ্যাকাররা লেখে ‘স্বাগতম মেসি’।

শনিবার স্থানীয় সময় সকাল সাতটার দিকে রিয়ালের এই টুইট ও পোস্ট আসে। এর আগে বুধবার বার্সেলোনার টুইটারে জানানো হয়েছিল, পিএসজি থেকে আনহেল দি মারিয়ার কাম্প নউয়ে আসার খবর। পরে বার্সেলোনা জানায়, তারা হ্যাকারদের কবলে পড়েছে।

বার্সেলোনা ও রিয়ালের সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব টুইট ও ফেইসবুক পোস্টের দায় শিকার করেছে ‘আওয়ারমাইন’ নামের নিরাপত্তা নিয়ে কাজ করা হ্যাকার গ্রুপ। তাদের দাবি, তারা প্রমাণ করেছে ক্লাবগুলোর ইন্টারনেট নিরাপত্তা ভালো নয়।