জাতীয় মহিলা দাবায় জয়রথে শিরিন
টানা ছয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে জাতীয় মহিলা দাবায় শীর্ষে রয়েছেন মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন।
বাংলাদেশ দাবা ফেডারেশনে শুক্রবার ষষ্ঠ রাউন্ডে মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদকে হারান শিরিন। ৪ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে অষ্টম স্থানে আছেন রানী।
আরেক মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শামীমা আক্তার লিজা হারিয়েছেন আহেলী সরকারকে। ৫ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে পঞ্চম লিজা।
গতবারের চ্যাম্পিয়ন নাজরানা খান ইভা তানজিনা আক্তার তানিকে হারানোর পর ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন।
ষষ্ঠ রাউন্ডে জাকিয়া সুলতানা, ঝর্না বেগম, মহিলা ফিদে মাস্টার আফরোজা খানম বাবলী, হামিদা খান নিজেদের ম্যাচে জিতেছেন।
