ফ্রান্স দলে এমবাপে, নেই দেম্বেলে
মোনাকার স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ফ্রান্স। জায়গা হয়নি বার্সেলোনার ‘টার্গেট’ বরুসিয়া ডর্টমুন্ডের উসমান দেম্বেলের।
আগামী বৃহস্পতিবার নেদারল্যান্ডস ও রোববার লাক্সেমবার্গের বিপক্ষে খেলবে ফ্রান্স। দুটি ম্যাচই নিজেদের মাঠে খেলবে ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এ মৌসুমে লিগ ওয়ানে এখন পর্যন্ত দলের তিন ম্যাচের মাত্র একটিতে খেলেছেন এমবাপে। তাতে অবশ্য জাতীয় দলের কোচের আস্থা অর্জনে কোনো সমস্যা হয়নি ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের।
অনুমিতভাবে দলে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবা। তার ক্লাব সতীর্থ অঁতনি মার্সিয়াল ছন্দে থাকলেও কোচ দিদিয়ে দেশমের ডাক পাননি। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত দুটি গোল করে ও একটি করিয়ে ওয়েস্ট হ্যাম ও সোয়ানসি সিটির বিপক্ষে ইউনাইটেডের জয়ে অবদান রাখেন এই ফরোয়ার্ড।
২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের ‘এ’ গ্রুপে সুইডেনের পিছনে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স।
ফ্রান্স দল:
গোলকিপার: আলফুঁস আরিওলা (পিএসজি), উগো লরিস (টটেনহ্যাম হটস্পার), স্তিভ মাদাঁদাঁ (মার্সেই)
ডিফেন্ডার: লুকাস দিনিয়ে (বার্সেলোনা), ক্রিস্তোফ জালে (নিস), প্রেসনেল কিমপেমবে (পিএসজি), লরাঁ কোসিয়েলনি (আর্সেনাল), লেইভিন কুরজাওয়া (পিএসজি), জিব্রিল সিদিবে (মোনাকো), সামুয়েল উমতিতি (বার্সেলোনা), রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ)
মিডফিল্ডার: এনগোলো কঁতে (চেলসি), তমাস লোমা (মোনাকো), ব্লেজ মাতুইদি (ইউভেন্তুস), পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড), আদ্রিওঁ রাবিও (পিএসজি), কোরোঁতাঁ তোলিসো (বায়ার্ন মিউনিখ)।
ফরোয়ার্ড: কিংসলে কোমাঁ (বায়ার্ন মিউনিখ), নাবিল ফেকির (লিওঁ), অলিভিয়ে জিরুদ (আর্সেনাল), অঁতোয়ান গ্রিজমান (আতলেতিকো মাদ্রিদ), আলেকসঁদ লাকাজেত (আর্সেনাল), কিলিয়ান এমবাপে (মোনাকো), ফ্লোরিওঁ তোওভাঁ (মার্সেই)।
