যে কোনো সময়ের চেয়ে ‘প্রাণবন্ত’ নেইমার
গোল করালেন, করলেনও। পিএসজির জার্সিতে অভিষেকে জেতালেন দলকে। হলেন ম্যাচসেরা। নেইমার তাই উচ্ছ্বাসভরা কণ্ঠে বলতে পারলেন, ক্যারিয়ারের যে কোনো সময়ের চেয়ে প্রাণবন্ত অনুভব করছেন তিনি।
গত রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে গ্যাঁগোঁর মাঠে ৩-০ গোলে জিতেছে শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে থাকা পিএসজি। আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর নেইমারের থ্রু পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন এদিনসন কাভানি। এরপর উরুগুয়ের ফরোয়ার্ডের বাড়ানো বলে ঠিকানায় পৌঁছে দিয়ে পিএসজির শুভসূচনা নিশ্চিত করেন নেইমার।
২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমানো নেইমারের দিকে দৃষ্টি ছিল সবার। গোল করা এবং করানো ছাড়াও পায়ের কারিকুরিতে ফুটবলপ্রেমীদের তৃষ্ণা মিটিয়েছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।
নতুন পথচলার শুরুতে আলো ছড়ানোর পর নেইমারের মনে হচ্ছে, বার্সেলোনা ছাড়া নিয়ে যারা প্রশ্ন তুলেছিল, তাদের মুখ বন্ধ করতে পেরেছেন তিনি।
“আমি ভীষণ শান্ত। জানতাম বার্সেলোনা ছেড়ে আসাটা খুবই কঠিন হবে কিন্তু এখানে আসতে পেরে আমি খুবই খুশি। লোকে মনে করে যে, বার্সা ছেড়ে আসাটা মৃত্যুর মতো; কিন্তু না। (আমার বেলায়) এটা বিপরীত। যে কোনো সময়ের চেয়ে আমি এখন প্রাণবন্ত।”
ম্যাচসেরার পুরস্কার পাওয়ার চেয়ে দলের জয়টা গুরুত্বপূর্ণ ছিল বলে জানান ব্রাজিলের এই ফরোয়ার্ড।
“ম্যাচসেরার পুরস্কার পাওয়া নিয়ে আমি খুব খুশি কিন্তু মূল লক্ষ্য ছিল জয়ের। দল দারুণ খেলেছে। ম্যাচ ও গোল নিয়ে আমরা ভীষণ খুশি কিন্তু আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দলের জয়।”
লিওনেল মেসি, লুইস সুয়ারেসের মতো সতীর্থ ছেড়ে পিএসজিতে নোঙর ফেলেছেন নেইমার। এখানে পাশে পাচ্ছেন কাভানি, আনহেল দি মারিয়াদের। নতুন ক্লাবে, নতুন সতীর্থদের সঙ্গে বনিবনা ঠিকঠাক হচ্ছে বলে মনে হচ্ছে নেইমারের।
“জানতাম কাভানি একজন বড় মাপের খেলোয়াড়। তাকে দূর থেকে দেখেছি এবং এখন আমি তার সঙ্গে খেলছি। আমরা পরস্পরকে আরও ভালোভাবে জানার চেষ্টা করছি।”
“সে দারুণ একজন খেলোয়াড়। যখন আপনার সঙ্গে এমন খেলোয়াড় থাকবে, খেলাটা সহজ হয়ে যাবে। দি মারিয়া, মার্কো ভেরাত্তি, চিয়াগো মোত্তা, দানি আলভেসসহ আরও যারা আছে, তাদের সঙ্গে খেলাটা সহজ।”
