১৭ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩

সেরা টাইমিংয়ের কাছাকাছি যেতে পারেননি শিলা

ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে নিজের সেরা টাইমিংয়ের ধারেকাছে যেতে পারেননি মাহফুজা খাতুন শিলা। হিটে ৫২ জনের মধ্যে ৪১তম হয়েছেন গত এসএ গেমসে দুটি সোনা জেতা এই সাঁতারু।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2017, 06:47 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

হাঙ্গেরির বুদাপেস্টে শনিবার দুই নম্বর হিটে ৩৬ দশমিক ৫৩ সেকেন্ড সময় নেন শিলা।

গত এসএ গেমসে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ব্যক্তিগত সেরা ৩৪ দশমিক ৮৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছিলেন শিলা।  

৫০ মিটার ফ্রিস্টাইলের হিটে ৩০ দশমিক ৭৩ সেকেন্ড সময় নিয়ে ৮৭ জনের মধ্যে ৭৪তম হন তিনি।

শনিবার ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ২৮ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে হিটে ৫৫ প্রতিযোগীর মধ্যে ৪৬তম হন জুয়েল আহমেদ।

গত সোমবার ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ১ মিনিট ৩ দশমিক ৫৫ সেকেন্ড সময় নিয়ে হিটে অংশ নেওয়া মোট ৪৬ সাঁতারুর মধ্যে ৪৫তম হয়েছিলেন জুয়েল।

বুদাপেস্টে এর আগে হতাশ করেন মুস্তাফিজুর রহমান সাগর। গত এসএ গেমসে সাতটি ব্রোঞ্জ জেতা এই সাঁতারু ৫০ মিটার ফ্রিস্টাইলে ২৪ দশমিক ১৬ সেকেন্ড সময় নিয়ে হিটে ১১৮ সাঁতারুর মধ্যে ৮২তম হন।

এর আগে ১০০ মিটার ফ্রিস্টাইলে ৫২ দশমিক ৫৫ সেকেন্ড সময় নিয়ে হিটে ১১৩ জন প্রতিযোগীর মধ্যে ৭০তম হন সাগর।