২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালে রোনালদো অপরিহার্য নয়: ফিগো

কর ফাঁকির অভিযোগ ওঠায় 'অসন্তুষ্ট' ক্রিস্তিয়ানো রোনালদোকে মানাতে ও তাকে ধরে রাখতে মরিয়া দলের সবাই। সে লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করা হবে-জানিয়েছেন রিয়াল মাদ্রিদ সভাপতিও। তবে ক্লাবের সাবেক তারকা লুইস ফিগোর মত, দলে কেউই অপরিহার্য নয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2017, 04:37 PM

Updated : 11 Apr 2022, 11:49 PM

স্পেনের সরকারি কৌঁসুলিদের অভিযোগ, ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন রোনালদো। বরাবরই এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন চারবারের বর্ষসেরা এই ফুটবলার।

স্পেনের কর কর্তৃপক্ষের এমন অভিযোগে ভীষণ বিরক্ত রোনালদো। তাই তিনি এই দেশ ছেড়ে দিতে চান বলে গত সপ্তাহে সংবাদ মাধ্যমে খবর আসে। তাকে পেতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেড, এসি মিলান ও পিএসজি।

আসলেই রিয়াল ছাড়তে চান কি-না নিয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেননি রোনালদো। তবে চলতি সপ্তাহে ক্লাবটির সভাপতি পদে পুন:নির্বাচিত হওয়া ফ্লোরেন্তিনো পেরেস জানিয়েছেন, তারকা এই খেলোয়াড়কে ছাড়ার কোনো ইচ্ছা নেই তাদের।

তবে পর্তুগালের সাবেক উইঙ্গার ফিগোর মতে, লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের সফল দলগুলোয় খেলোয়াড়রা ক্লাবের চেয়ে বড় নয়। ঠিক একইভাবে রোনালদোও রিয়ালে অপরিহার্য নয়।

"আমার মতে, শুধু ক্রিস্তিয়ানো রোনালদো নয়, দলে কেউই অপরিহার্য নয়। ক্লাবগুলো কারো উপর নির্ভর করতে পারে না। এই ক্লাবগুলোর ইতিহাস সকলের উপরে, এমনকি সভাপতি বা যে কারোর উপরে।"

অবশ্য বার্সেলোনা ও রিয়ালে আলো ছড়ানো ফিগোর বিশ্বাস, শেষ পর্যন্ত সান্তিয়াগো বের্নাবেউ ছাড়বেন না চারবারের বর্ষসেরা ফুটবলার। ২০১৭ সালের বর্ষসেরা হওয়ার দৌড়েও ফেভারিট গত মৌসুমে রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান রাখা রোনালদো।

কনফেডারেশন্স কাপ খেলতে বর্তমানে জাতীয় দলের সঙ্গে রাশিয়ায় আছেন রোনালদো। বুধবার রাতে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে তার একমাত্র গোলে স্বাগতিকদের হারিয়েছে পর্তুগাল।