‘মেসি-নেইমারের সঙ্গে খেলা একজন স্ট্রাইকারের স্বপ্ন’
লুইস সুয়ারেসের মতে, লিওনেল মেসি ও নেইমার বর্তমান বিশ্বের সেরা দুই ফুটবলার। তাদেরকে সতীর্থ হিসেবে পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করছেন বার্সেলোনার এই স্ট্রাইকার।
মেসি ও নেইমারের সঙ্গে খেলতে পারাটা যেকোনো স্ট্রাইকারেরই স্বপ্ন বলে মনে করেন সুয়ারেস।
তিন বছর আগে সুয়ারেস লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর আরও শাণিত হয় কাতালান ক্লাবটির আক্রমণভাগ। বার্সেলোনায় লাতিন আমেরিকার এই তিন খেলোয়াড় মিলে এখন পর্যন্ত গোল করেছে ৩৫৭টি। প্রতি মৌসুমেই ১০০টির বেশি করে গোল করেছেন তারা। তাদের নৈপুণ্যে এই সময়ে আটটি শিরোপা জিতেছে দলটি।
অনেকের মতে, বর্তমানের সেরা আক্রমণভাগ ‘এমএসএন’ ত্রয়ী, যার অন্যতম তারকা সুয়ারেস গত মৌসুমে ছিলেন দলের সর্বোচ্চ গোলদাতা। এ মৌসুমেও আছেন ভালো ফর্মে; এ পর্যন্ত লিগে করেছেন ২৭ গোল। তবে দলের সাফল্যের পেছনে দুই সতীর্থের অবদানই বেশি দেখছেন উরুগুয়ের এই স্ট্রাইকার।
“বিশ্বসেরা এই দুই খেলোয়াড়কে দুই পাশে পাওয়াটা যে কোনো স্ট্রাইকারের স্বপ্ন। কঠিন ম্যাচগুলোতে তারা হঠাৎই সুযোগ তৈরি করতে পারে এবং পার্থক্য গড়ে দেয়।”
“মাঠে ও মাঠের বাইরের জীবনের জন্য তারা খুবই চমৎকার। প্রতিটা অনুশীলন সেশন, প্রত্যেকটা ম্যাচে তারা আপনাকে বিস্মিত করে।”
মেসি-নেইমারের সঙ্গে তার মাঠের বাইরের সম্পর্কও দারুণ বলে জানান সুয়ারেস।
“আমরা পুরো ভিন্ন। নেইমার মজার মানুষ যে জীবনটা উপভোগ করে।...সে ভালো একজন সতীর্থ যে সবার প্রতি যত্নশীল।”
“লিওর সঙ্গে সম্পর্কটা ভিন্ন ধরনের: আমাদের বাচ্চারা একসঙ্গে স্কুলে যায়, আমরা প্রতিবেশী। আমি লিওকে একজন সতীর্থ হিসেবে দেখি, পুরো বিশ্বের মতো তাকে মেসি হিসেবে দেখি না। কিন্তু লিওনেল মেসি হওয়া সহজ নয়-আদৌ সহজ নয়। তার সঙ্গে সময় কাটিয়ে আমি দেখেছি এটা কত কঠিন এবং আপনাদের তা বুঝতে হবে।”
