২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচনাকে পাত্তা দেন না মেসি

বার্সেলোনার জার্সিতে যতটা উজ্জ্বল, জাতীয় দলের হয়ে ততটা জ্বলে উঠতে পারেন না লিওনেল মেসি। ক্যারিয়ারে অনেকটা সময় জুড়েই এই সমালোচনা শুনতে হয়েছে তারকা এই ফরোয়ার্ডেক। তবে সেসব খুব একটা গুরুত্ব দেন না বলে জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 09:39 PM

Updated : 11 Oct 2022, 01:43 PM

সময়ের অন্যতম সেরা ফুটবলার তার সাফল্যে ভরা ক্লাব ক্যারিয়ারে সব শিরোপা জিতেছেন একাধিকবার। কিন্তু জাতীয় দলের হয়ে তার অর্জনের ঝুলিটা এখনও শূন্য।

গত তিন বছরে দেশকে মোট তিনটি টুর্নামেন্টের ফাইনালে তুলেছেন; কিন্তু প্রতিবারই ফিরতে হয়েছে খালি হাতে। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে বসে আর্জেন্টিনা। আর গত দুইবছরে টাইব্রেকারে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সবশেষ গত বছর কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনাল হারের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেন মেসি। পরে সবার অনুরোধে ফেরেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

সম্প্রতি চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সহকারী রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর থেকে আবারও সমালোচকরা উঠে-পড়ে লেগেছে।

তবে সেসব নিয়ে কখনোই মাথা ঘামান না বলে জানালেন মেসি।

যুক্তরাষ্ট্রের একটি ম্যাগাজিনকে তিনি বলেন, “সমালোচনাকে আমি গুরুত্ব দেই না। কারণ যা কিছু হয়েছে আমি জানি।”

“আমি বুঝি, মানুষ সবসময় চায় আমরা জিতি এবং আমরা তাদের শিরোপা এনে দেই। আমরা যারা জাতীয় দলের জন্য খেলি, আমরাও শিরোপা জিততে চাই।”

আর্জেন্টিনার হয়ে মেসির একমাত্র সাফল্য ২০০৮ সালের অলিম্পিক সোনা জয়। ওই প্রসঙ্গে তিনি বলেন, “২০০৮ সালে অলিম্পিকে সোনা জয়টা আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেই। কারণ এই টুর্নামেন্ট হয়তো জীবনে আপনি একবারই খেলবেন আর সেখানে ভিন্ন ভিন্ন ক্রীড়ার অনেক অ্যাথলেট থাকে।”