১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাতীয় সাইক্লিংয়ে ইয়াসিন-সুবর্ণার সোনা

জাতীয় সাইক্লিংয়ে ছেলেদের ৪ হাজার মিটার পারসুটে সেরা হয়েছেন বিজেএমসির ইয়াসিন হোসেন। মেয়েদের ২ হাজার মিটার পারসুটে সোনা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সুবর্ণা বর্মন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2017, 08:49 PM

Updated : 11 Oct 2022, 01:42 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে শুক্রবার ৬ মিনিটে ২৮.৪৬ সেকেন্ড সময় নিয়ে ৪ হাজার মিটার শেষ করেন ইয়াসিন। নিজের ইভেন্টে সুবর্ণা সময় নেন ৩ মিনিট ৪২.৭০ সেকেন্ড।

ছেলেদের ১৫ হাজার মিটার স্ক্র্যাচ রেসে ১৫ মিনিট ৪৫.১৬ সেকেন্ড সময় নিয়ে বিজেএমসির মেহেদী হাসান জুয়েল সোনা জিতেছেন। মেয়েদের ৪ হাজার মিটারে ৫৭.৭৪ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন বাংলাদেশ আনসারের নাবিলা ইসলাম মালা।

৬ মিনিট ২০.২২ সেকেন্ড সময় নিয়ে ৪ হাজার মিটার টিম টাইম ট্রায়ালের দলগত সোনা জিতেছে বর্ডার গার্ড বাংলাদেশ। মেয়েদের ২ হাজার মিটার টিম টাইম ট্রায়ালের সোনা জিতেছে সেনাবাহিনী; ৩ মিনিট ৩৬.৫৯ সেকেন্ডে রেস শেষ করে তারা।

৮টি সোনা, ৯টি রুপা ও ৪টি ব্রোঞ্জ মিলিয়ে ২১টি পদক নিয়ে জাতীয় সাইক্লিংয়ে সেরা হয়েছে বিজেএমসি। ৮টি সোনা, ৩টি রুপা ও ১০টি ব্রোঞ্জসহ ২১ পদক নিয়ে দ্বিতীয় হয়েছে সেনাবাহিনী। আনসার জিতেছে ১৫টি পদক।

শেষ দিনে সাইক্লিংকে বিদায় জানালেন ফারহানা সুলতানা শিলা। এই প্রথম জাতীয় পর্যায়ের কোনো আসর তিনি শেষ করছেন সোনা জিততে না পারার হতাশা নিয়ে।

“৪টা ইভেন্টে অংশ নিয়ে এবারই প্রথম কোনও স্বর্ণপদক জিততে পারিনি। জীবনের শেষ ইভেন্ট ইন্ডিভিজুয়াল স্ক্র্যাচে শেষ মুহূর্তে একজনের সঙ্গে ধাক্কা লেগে পরে গিয়ে স্বর্ণপদক মিস করলাম।”

“জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে ৮০টি পদক জিতেছি। আন্তর্জাতিক পর্যায়ে ৩টি করে রুপা ও ব্রোঞ্জ পেয়েছি।”