খেলাধুলায় মেয়েদের নিয়ে আশা শেখ হাসিনার
ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মেয়েদের আরও পারদর্শিতা দেখার অপেক্ষায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণের সময় নিজের আশার কথা শোনান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের মেয়েরা বিভিন্ন খেলায় পারদর্শিতা দেখাতে পারছে। আগামীতেও তারা আরও উন্নত হবে।”
বাংলাদেশের মেয়েদের এএফসি অনুর্ধ্ব-১৪ ফুটবলে আঞ্চলিক চ্যাম্পিয়ন এবং ভারতে অনুষ্ঠিত নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় রানার্স-আপ হওয়ার কথা মনে করিয়ে দেন তিনি।
“আন্তর্জাতিক পর্যায়ে তারা আরও পারদর্শিতা দেখাতে পারবে বলে আমি মনে করি।”
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকালে প্রধানমন্ত্রী দুটি টুর্নামেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
বঙ্গমাতা গোল্ডকাপ-২০১৬
>> চ্যাম্পিয়ন দল লালমনিরহাটের তেপুর গাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকে নগদ ১০ হাজার টাকা ও মেডেল পেয়েছেন এবং দলগতভাবে এক লাখ টাকা ও ট্রফি পেয়েছে
>> রানার্স-আপ রাজশাহীর বড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকে নগদ সাড়ে ৭ হাজার টাকা ও মেডেল পেয়েছেন এবং দলগতভাবে ৭৫ হাজার টাকা ও ট্রফি পেয়েছে
>> তৃতীয় স্থান অধিকারী দল টাঙ্গাইলের বাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকে নগদ ৫ হাজার টাকা ও মেডেল পেয়েছেন এবং দলগতভাবে ৫০ হাজার টাকার চেক ও ট্রফি পেয়েছে
>> সেরা খেলোয়াড় হয়েছেন লালমনিরহাটের তেপুর গাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিতু আক্তার; তিনি পেয়েছেন ২৫ হাজার টাকার চেক ও ট্রফি
>> সর্বোচ্চ গোলদাতা টাঙ্গাইলের বাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রুমা আক্তার পেয়েছেন ২৫ হাজার টাকার চেক ও গোল্ডেন বুট
প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল কক্সবাজারের টইটম সরকারি প্রাথমিক বিদ্যালয়
বঙ্গবন্ধু গোল্ডকাপ-২০১৬
>> চ্যাম্পিয়ন দল কক্সবাজারের টইটম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকে নগদ ১০ হাজার টাকা ও মেডেল পেয়েছেন এবং দলগতভাবে এক লাখ টাকা ও ট্রফি পেয়েছে
>> রানার্স-আপ সিলেটের জৈন্তাপুরের কামরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকে নগদ সাড়ে সাত হাজার টাকা ও মেডেল পেয়েছেন এবং দলগতভাবে ৭৫ হাজার টাকা ও ট্রফি পেয়েছে
>> তৃতীয় স্থান অধিকারী দল বরগুনার পশ্চিম গাজীপুর আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকে নগদ ৫ হাজার টাকা ও মেডেল পেয়েছেন এবং দলগতভাবে ৫০ হাজার টাকার চেক ও ট্রফি পেয়েছে
>> সেরা খেলোয়াড় হয়েছেন কক্সবাজারের টইটম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবু হানিফ নোমান; তিনি পেয়েছেন ২৫ হাজার টাকার চেক ও ট্রফি
>> সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কক্সবাজারের টইটম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিনার উদ্দিন বুলেট; তিনি পেয়েছেন ২৫ হাজার চেক ও গোল্ডেন বুট
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে মোট ৩২ হাজার ১৩০টি খেলা অনুষ্ঠিত হয়, যাতে অংশগ্রহণকারী বিদ্যালয়ের সংখ্যা ছিল ৬৪ হাজার ২৬০টি।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ৬৪ হাজার ১৯৬টি বিদ্যালয়ের অংশগ্রহণে মোট ৩২ হাজার ৯৮টি খেলা অনুষ্ঠিত হয় ।
দুই টুর্নামেন্টে প্রাথমিক বিদ্যালয়ের ২১ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমার মনে হয়, পৃথিবীর আর কোনো দেশে এত বিশাল আকারে কোনো টুর্নামেন্ট হয় না। আমার সংগ্রামী অভিনন্দন।”
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
খেলাধুলার মধ্য দিয়ে এই শিশুরা দেশপ্রেমিক হয়ে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ক্রীড়ার উন্নয়নে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি এবং স্বচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “খেলাধূলার প্রতি আমাদের ছেলেমেয়েরা যেভাবে মনোনিবেশ করেছে, তাদের আরও উৎসাহিত করতে হবে।”
খেলাধুলায় বিদ্যালয়গুলো যেন সব ধরনের সহযোগিতা যেনোপায়; তার ব্যবস্থা করার আশ্বাসও দেনতিনি।
“সরকারের পক্ষ থেকে প্রত্যেক স্কুলে খেলাধূলার সরঞ্জাম দিয়ে থাকি। আমাদের লক্ষ্যই হচ্ছে: আমাদের ছেলেমেয়েরা খেলার দিকে আরও নজর দিক।”
স্টেডিয়ামে আসার আগে বঙ্গমাতা টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রথমার্ধ্ব ঘরে বসে দেখার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমি এখানে আসার আগে ঘরে বসে টেলিভিশনে খেলা দেখছিলাম।”
বঙ্গমাতা টুর্নামেন্টের ফাইনাল খেলছে লালমনিরহাটের তেপুর গাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজশাহীর বড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
বঙ্গমাতা টুর্নামেন্টের ফাইনাল খেলায় লালমনিরহাটের তেপুর গাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে রাজশাহীর বড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে।
“যারা জয়ী হয়েছে, তাদের তো অভিনন্দন জানাই। আর যারা জয়ী হতে পারে নাই, তারা অত্যন্ত চমৎকার খেলেছে,” বলেন শেখ হাসিনা।
খেলাধূলার উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “কারণ খেলাধুলা আমাদের ছেলেমেয়েদের মেধা বিকাশের সুযোগ দেয়, প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে এবং সেই সাথে তারা সুস্বাস্থ্যের অধিকারী হয়।
“খেলাধূলার ক্ষেত্রে আরও বেশি সুযোগ কীভাবে করা যায়; আমরা সে ব্যবস্থা করব। আমরা চাই, খেলাধূলার দিকে আরও সকলে মনোনিবেশ করবে।”
প্রত্যেকটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করে দেওয়ার পরিকল্পনা কথাও জানান সরকার প্রধান।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন উপস্থিত ছিলেন।
