রোল বল বিশ্বকাপের সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশে
রোল বল বিশ্বকাপের সবচেয়ে বড় আসর বসছে বাংলাদেশে। এবারই প্রথম স্বাগতিক বাংলাদেশসহ ৪০টি দেশ অংশ নিচ্ছে।
পল্টনে এরই মধ্যে তৈরি হয়েছে রোল বল বিশ্বকাপের জন্য স্টেডিয়াম শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স। আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্ট সামনে রেখে বুধবার সংবাদ সম্মেলনে আয়োজকরা এর খুঁটিনাটি নিয়ে কথা বলেন।
অপ্রচলিত এই খেলার প্রথম বিশ্বকাপ হয় ২০১১ সালে। এরপর ২০১৩ ও ২০১৫ সালে হয় আর দুটি বিশ্বকাপ। গত তিন আসরে খেলা বাংলাদেশের অর্জন গতবার সপ্তম হওয়া।
রোল বলের চতুর্থ বিশ্বকাপে খেলতে এশিয়া থেকে ১৭টি, আফ্রিকা থেকে ১১টি ও ইউরোপ থেকে ৭টি দল আসছে বলে জানান বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ।
“টর্নামেন্টের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। আপনারা দেখছেন স্টেডিয়ামে এখনও কিছু কাজ চলছে। তবে, টুর্নামেন্ট শুরুর আগেই তা শেষ হয়ে যাবে।”
“এবারই প্রথম ৪০ দল নিয়ে বিশ্বকাপ হচ্ছে। বাংলাদেশের এই আয়োজন চমৎকার। সব কৃতিত্ব বাংলাদেশের।”
শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স ছাড়াও ভেন্যু হিসেবে হ্যান্ডবল স্টেডিয়াম, মিরপুর ইনডোর স্টেডিয়ামকে রাখার কথা জানিয়েছেন আয়োজকরা।
নিজেদের মাঠে হওয়া প্রতিযোগিতায় ভালো সাফল্য পাওয়ার আশা জানান বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আসিফুল হাসান।
“গতবার সপ্তম হওয়াই আমাদের সেরা সাফল্য। তবে এবার যেহেতু আমরা আয়োজক, তাই আমরা আগের চেয়ে ভালো ফল করতে চাই।”
