বার্সার হয়ে মেসির আরেকটি রেকর্ড
বার্সেলোনার হয়ে আরেকটি কীর্তি গড়েছেন লিওনেল মেসি। আথলেতিক বিলবাওয়ের জালে ফ্রি-কিকে বল পাঠিয়ে ক্লাবটির হয়ে সেট-পিস থেকে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়েন আর্জেন্টাইন তারকা।
গত ১২ জানুয়ারির আগ পর্যন্ত ২৬টি গোল নিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন সাবেক ডাচ ডিফেন্ডার রোনাল্ড কুমান। কোপা দেল রের শেষ ষোলোর ফিরতি লেগে বিলবাওয়ের জালে ফ্রি-কিকে বল পাঠিয়ে রেকর্ডটি স্পর্শ করেন মেসি। আর এবার রেকর্ডটি একার করে নিলেন।
দলটির বিপক্ষে এই নিয়ে গত তিন ম্যাচের সবকটিতেই ফ্রি-কিক থেকে গোল পেলেন তিনি।
শনিবার লা লিগায় বিলবাওয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা ম্যাচে দলের দ্বিতীয় গোলটি করেন মেসি। ডান দিক থেকে তার বাঁকানো শট গোলরক্ষকের সোজাসুজিই ছিল। কিন্তু গোলরক্ষকের ভুলে বল তার হাতে লেগে ঢুকে যায়।
চলতি বছর ফ্রি-কিক থেকে এটা মেসির চতুর্থ গোল। এর আগে ২০১২ সালে সেট-পিস থেকে সবচেয়ে বেশি ৫টি গোল করেছিলেন।
রেকর্ড ভাঙা মেসিকে অভিনন্দন জানিয়েছেন বর্তমানে ইংলিশ লিগের ক্লাব এভারটনের কোচের দায়িত্বে থাকা কুমান।
