লিভারপুলের সবচেয়ে দামি খেলোয়াড় ব্রাজিলের কৌতিনিয়ো
লিভারপুলের সঙ্গে নতুন চুক্তি করেছেন ফিলিপে কৌতিনিয়ো। এই চুক্তিতে ক্লাবটির সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড় হতে যাচ্ছেন ব্রাজিলের এই আক্রমণাত্মক মিডফিল্ডার।
এই চুক্তি অনুযায়ী ২০২২ সাল পর্যন্ত অ্যানফিল্ডে থাকবেন কৌতিনিয়ো। প্রতি সপ্তাহে প্রায় ১ লাখ ৭৫ হাজার ইউরো বেতন পাবেন তিনি।
চুক্তিটি কার্যকর হবে ১ জুলাই থেকে। এই চুক্তিতে কোনো 'রিলিজ ক্লজ' নেই।
২০১৩ সালের জানুয়ারিতে প্রায় এক কোটি ইউরো ট্রান্সফার ফিতে ইন্টার মিলান থেকে লিভারপুলে যোগ দেন কৌতিনিয়ো। ইংলিশ প্রিমিয়ার লিগে আসার পর থেকে নিজেকে অন্যতম সেরা হিসেবে মেলে ধরেছেন তিনি। লিভারপুলের হয়ে এখন পর্যন্ত ১৬৩ ম্যাচ খেলে ৩৪টি গোল করেছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।
লা লিগার ক্লাব বার্সেলোনা কৌতিনিয়োর প্রতি আগ্রহী ছিল বলে সম্প্রতি গণমাধ্যমে খবর আসে। এই গুঞ্জনের মাঝেই লিভারপুল-কৌতিনিয়োর নতুন চুক্তির ঘোষণা এল।
লিভারপুল এবং এর সমর্থকরা যে বিশ্বাস দেখিয়েছে তার প্রতিদান দিতে চান এই ব্রাজিলিয়ান। ক্লাবটির অফিশিয়াল ওয়েবসাইটকে তিনি বলেন, "প্রথমেই আমি ক্লাবের সবাইকে ধন্যবাদ দিতে চাই।"
"এখানে নতুন একটি চুক্তি করে আমি খুবই খুশি। এই ক্লাবের প্রতি আমি খুবই কৃতজ্ঞ …। আমার প্রতি যে বিশ্বাস দেখানো হয়েছে তার প্রতিদান দিতে আমি আরও বেশি পরিশ্রম করব।"
