এলিনা-শাপলাদের হতাশার দিনে উজ্জ্বল দুলালি-বৃষ্টি
বাংলাদেশ ওপেনে তারকা শাটলার এলিনা সুলতানা ও শাপলা আক্তারের ব্যর্থতার দিনে আলো ছড়িয়েছেন দুলালি হালদার ও বৃষ্টি খাতুন। দুজনেই মেয়েদের এককের সেরা ষোলোয় উঠেছেন।
পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার মেয়েদের এককের সেরা ষোলোয় ওঠার লড়াইয়ে দুলালি মালদ্বীপের নাফহা নাসরুল্লাহকে দাপটের সঙ্গে ২১-১০, ২১-৮ গেমে হারান।
অপর ম্যাচে বৃষ্টি ঘাম ঝরানো জয় পেয়েছেন নেপালের জেসিকা গুরংয়ের বিপক্ষে। প্রথম সেটে ১৬-২১ ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়িয়ে পরের দুই সেট ২১-১৯, ২১-১৬ ব্যবধানে জেতেন বাংলাদেশের এই শাটলার।
টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন ঘরোয়ার বর্তমান চ্যাম্পিয়ন শাপলা ও সাবেক চ্যাম্পিয়ন এলিনা। বাংলাদেশের রেহেনা পারভীন, উর্মি আক্তার ও এরিনা পারভিন রত্নাও বাদ পড়েছেন।
পুরুষ এককে ভিয়েতনামের গিয়াং এনগুইয়েংকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২২-২০, ২১-১৯ ব্যবধানে হারিয়ে সেরা ষোলোয় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মোহাম্মদ এনামুল হক।
এনামুলের আলো ছড়ানোর দিনে আহসান হাবিব পরশ, এনায়েত উল্লাহ খান, আরিফ হোসেন, চান্দ লাল, আব্দুল হামিদ ও মোয়াজ্জেম হোসেন সেরা বত্রিশের ম্যাচে হেরে গেছেন।
মিশ্র দ্বৈতে এনায়েত ও নাবিলা আক্তার জুটি সেরা ষোলোয় ঠাঁই করে নিয়েছেন। জাইয়ান শাহেদ-ফাতুল্লাহ ইসমাইল জুটিকে ১৯-২১, ২১-১০, ২১-১৩ ব্যবধানে হারান তারা।
