‘পার্থক্য গড়েছে মেসি’
অসাধারণ ফুটবল খেলে আর্জেন্টিনাকে জেতানো লিওনেল মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন প্রতিপক্ষ কলম্বিয়ার কোচ। ম্যাচটিতে তারকা এই ফরোয়ার্ডই পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন হোসে পেকেরমান।
সান হুয়ানে বাংলাদেশ সময় বুধবার ভোরে হওয়া ম্যাচে কলম্বিয়াকে ৩-০ গোলে হারায় স্বাগতিক আর্জেন্টিনা।
দশম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া দুর্দান্ত ফ্রি-কিকে স্বাগতিকদের এগিয়ে নেন মেসি। বার্সেলোনার তারকা ফরোয়ার্ডের বাঁকানো শট ঠেকানোর তেমন একটা সুযোগ পাননি কলম্বিয়ার গোলরক্ষক দাভিদ অসপিনা; বল ডান কোণের ক্রসবারের নীচে লেগে জালে ঢোকে। এর পর লুকাস প্রাত্তো আর আনহেল দি মারিয়ার করা গোলটিতে সহায়তা করেন বার্সেলোনার এই তারকা।
প্রথমার্ধেই মেসির মাপা ক্রসে মাথা ছুঁইয়ে ডান কোণা দিয়ে বল জালে পাঠান প্রাতো। ৮৪তম মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পা থেকে বল কেড়ে ডান দিক থেকে ডি-বক্সে ঢুকে পিএসজি তারকা দি মারিয়ার পায়ে তুলে দিয়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক।
ম্যাচ শেষে কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ পেকেরমান বলেন, “তারা প্রথম গোলটি করেছে আর সেটা তাদের শক্তিশালী করেছে। প্রথম আর দ্বিতীয় গোলের পর ম্যাচটি আমরা কঠিন করে ফেলেছি আর মেসি পার্থক্য গড়ে দিয়েছে।”
চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বে খেলা দুটি ম্যাচের একটিতেও গোলের দেখা পায়নি কলম্বিয়া।
“আমাদের জন্য গোল পাওয়া সহজ ছিল না। (রাদামেল) ফালকাও ভালো একটি ম্যাচ খেলেছে, সব সময়ই মনে হচ্ছিল গোল পাবে।”
এই হারে রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে নেমে গেছে কলম্বিয়া, ১২ ম্যাচে ১৮ পয়েন্ট তাদের। ১ পয়েন্ট বেশি নিয়ে পঞ্চম স্থানে আছে আর্জেন্টিনা।
পেরুর মাঠ থেকে ২-০ গোলে জয় নিয়ে ফেরা ব্রাজিল ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। বাংলাদেশ সময় বুধবার ভোরে হওয়া ম্যাচে চিলির কাছে ৩-১ গোলে হারলেও ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে। ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চিলি। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকায় একুয়েডর আছে তৃতীয় স্থানে।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ চারটি দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপে। পঞ্চম দলটিকে প্লে-অফ খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের সেরা দলের সঙ্গে।
