‘আমি আবার সেই রোনালদো হব’
২০১৬-১৭ মৌসুমে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় সমালোচনা সইতে হচ্ছে ক্রিস্তিয়ানো রোনালদোকে। তবে এতে পাত্তা দিচ্ছেন না রিয়াল মাদ্রিদের তারকা এই ফরোয়ার্ড।
লা লিগায় চলতি মৌসুমে নিজের খেলা প্রথম ৬ ম্যাচে কেবল ২ গোল করেন রোনালদো। গত মাসে সান্তিয়াগো বের্নাবেউয়ে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-১ গোলে জেতা ম্যাচে সমর্থকদের একটা অংশ দুয়ো দিয়েছিল পর্তুগাল অধিনায়ককে।
পরের ম্যাচে আলাভেসের বিপক্ষে হ্যাটট্রিক করে এর জবাব দেন রোনালদো। তবে সবশেষ ২ ম্যাচে গোল পাননি বলে আবার সমালোচনা হচ্ছে তার।
গত সোমবার রিয়ালের সঙ্গে নতুন চুক্তি করেন রোনালদো। ২০২১ সাল পর্যন্ত বের্নাবেউয়ে থাকবেন তিনি। শিগগিরই নিজের সেরা রূপে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী রোনালদো।
“কখনও কখনও আমি যখন গোল করি না তখন দেখি কেউ কেউ বিচলিত বা উদ্বিগ্ন হয়, কিন্তু আমি অনেক গোল করতে অভ্যস্ত আর আপনি যখন গোল করবেন না তখন কিছু জিনিস আপনাকে ভাবাবে।”
“তবে আমি সাফল্যের মধ্যে আছি আর আমি অতি উচ্ছ্বসিত। গত মৌসুমে আমি রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছি আর রিয়াল মাদ্রিদের সঙ্গে ৫ বছরের চুক্তিতে সই করেছি।… এটা স্বপ্নের একটি বছর, অবিশ্বাস্য। এমন কিছু যেটাকে আমি অসম্ভব ভেবেছিলাম।”
এক বা দুটি ম্যাচে গোল না পাওয়া নিয়ে ভাবেন না রোনালদো। তারকা এই ফরোয়ার্ড গোটা মৌসুম নিয়ে ভাবতেই পছন্দ করেন।
“আমি জানি যে আগামীকাল, আগামী পরশু, এক মাসের মধ্যে আমি আবার সব সময়কার মতো সেই একই রোনালদো হব।”
