২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেইন্টফিটের এক পা বাংলাদেশে, অন্য পা নাইজেরিয়ায়

টম সেইন্টফিট আদৌ মামুনুলদের দায়িত্ব নিচ্ছেন কিনা, সে ধোঁয়াশা কাটেনি। বেলজিয়ামের এই কোচ মুখে ‘হ্যাঁ’ বললেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে তার চুক্তিটা এখনও হয়নি। বাফুফে পরিষ্কার করে কিছু বলছে না। আবার সেইন্টফিট বিদেশি গণমাধ্যমকে যা বলছেন, সে কথার সঙ্গে মিলছে না স্থানীয় গণমাধ্যমে তার বলা কথাগুলো!

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 08:09 PM

Updated : 11 Oct 2022, 08:32 PM

এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফের দ্বিতীয় রাউন্ডে আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় ও ১০ অক্টোবর ভুটানের মাঠে ফিরতি লেগের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচের জন্য সেইন্টফিটকে আপাতত কোচ করার পাকা সিদ্ধান্ত নেয় বাফুফে। দুই পক্ষের মধ্যে বুধবার চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ বাফুফে বিজ্ঞপ্তি দিয়ে জানায়, চুক্তিটা হচ্ছে না। কারণ হিসেবে বলা হয় পেটের পীড়ায় ভুগছেন সেইন্টফিট। সেই থেকে অনিশ্চয়তার গুঞ্জন ফের ডালপালা মেলছে।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে আলোচনার পর বেলজিয়ামের এই কোচও পেটের অসুখের কথাই বলেছেন স্থানীয় গণমাধ্যমকে, “গত রাতে ঠিকমতো ঘুমোতে পারিনি। পাকস্থলীর সমস্যায় ভুগছি। মনে হচ্ছে কোথাও কোন সমস্যা হচ্ছে। অসুস্থতার কারণে চুক্তিটা এখন করতে পারছি না। আজ সভাপতির সঙ্গে অল্প সময় চুক্তিপত্রের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আপাতত আমি প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের খেলায় মনোযোগ দিতে চাই।”

অথচ চুক্তি নিয়েই সুপারস্পোর্ট ডটকমকে সেইন্টফিট বলেছেন ভিন্ন কথা। সেখানে নাইজেরিয়ার দায়িত্ব নেওয়ার প্রতি তার আগ্রহটা প্রকাশ পেয়েছে প্রবলভাবে।

“নাইজেরিয়াকে আমি অগ্রাধিকার দিব এবং এ কারণেই আমি বাংলাদেশের চাকরিটা নেইনি। আমি চুক্তি স্বাক্ষর করা স্থগিত করেছি। আমি নাইজেরিয়ার সঙ্গে বিশ্বকাপে যেতে চাই। শুধু যেতে চাই না, নাইজেরিয়াকে আমি সেমি-ফাইনালেও তুলতে চাই; কেন না তাদের সে সামর্থ্য আছে। আমি নাইজেরিয়ায় থাকতে প্রস্তুত।”

২০১২ সালেও নাইজেরিয়া ফুটবল দলের টেকনিক্যাল ডিরেক্টর হওয়ার কথা ছিল সেইন্টফিটের। দেশটির ক্রীড়া মন্ত্রণালয় শেষ মুহূর্তে বেঁকে বসায় দায়িত্বটা নেওয়া হয়নি সেবার।

‘মৌখিকভাবে’ কথা দিয়ে মামুনুলদের দায়িত্ব নেওয়ার পরও নাইজেরিয়ার কোচের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন সেইন্টফিট। তবে আফ্রিকার দেশটি ফ্রান্সের পল লে গেনকে কোচ করার সিদ্ধান্ত নিলে তার বাংলাদেশের কোচ হওয়া মোটামুটি পাকাপাকি হয়। কিন্তু গেন নাইজেরিয়ার প্রস্তাবে সাড়া না দেওয়ায় সেইন্টফিটের মনোযোগ এখন সেদিকেই।  

স্থানীয় গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতা সেটা স্বীকার না করলেও সেইন্টফিটের কথায় নাইজেরিয়ার প্রতি ‘টান’ ঠিকই প্রকাশ পেয়েছে, “কয়েক সপ্তাহ আগে আমি নাইজেরিয়ান ফুটবল কর্তাদের সঙ্গে আলোচনা করি। সেখানকার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনা করেছি। সন্দেহাতীতভাবে নাইজেরিয়া চমৎকার ফুটবল খেলুড়ে জাতি; যারা বিশ্বকাপ খেলে থাকে।”

গত ২৪ জুলাই থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ভুটান ম্যাচের জন্য লিগের আগে মামুনুলদের নিয়ে ছয় দিনের প্রাথমিক ক্যাম্প করেছেন সেইন্টফিট। ভুটান ম্যাচের জন্য খেলোয়াড় বাছাইয়ে ৪৩ বছর বয়সী এই কোচ এ মুহূর্তে চোখ রাখছেন লিগে। এরই ফাঁকে অন্য দেশের সঙ্গে যে চাকরি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন, সেটাও তার কথাতেই পরিষ্কার।

“শক্তিশালী একটা দল গঠনের লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। লিগের ছয়টি ম্যাচ দেখেছি। আরও কয়েকটি ম্যাচ দেখে বেলজিয়াম যাবো। জানি না, চুক্তি ছাড়া আমার দায়িত্বটা কতো দিন চালিয়ে যাবো।”

নাইজেরিয়া ডাকলে কী করবেন এমন প্রশ্নের জবাবও সেইন্টফিট দিয়েছেন দুই নৌকায় পা রেখে, “রিয়াল মাদ্রিদ বলুন, আর্জেন্টিনা বলুন তারা ডাকলে অবশ্যই আমি তা বিবেচনা করবো। এ মুহূর্তে বাংলাদেশ ছাড়া আমার কাছে কোন দেশ সুনির্দিষ্ট প্রস্তাব দেয়নি। এ মুহূর্তে আমি বাংলাদেশ নিয়ে সন্তুষ্ট।”