২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটি সংক্ষিপ্ত করে ফিরছেন মেসি

ছুটি সংক্ষিপ্ত করে বার্সেলোনার মৌসুম শুরুর আগের প্রস্তুতিতে ফিরতে যাচ্ছেন লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2016, 05:00 PM

Updated : 12 Apr 2022, 02:31 AM

মৌসুম শুরুর আগের প্রস্তুতির জন্য আগামী সপ্তাহে ইংল্যান্ড পাড়ি জমাবে বার্সেলোনা। ধারণা করা হচ্ছিল, সেই সফরে নাও থাকতে পারেন মেসি। তবে কাতালান ক্লাবটি এক বিবৃতিতে জানায়, দলের সেরা তারকা দলের সঙ্গে যোগ দেবেন।

“আর্জেন্টাইন তারকা ছুটি থেকে আগেই ফিরবে এবং আর্দা তুরানের সঙ্গে মৌসুম শুরুর আগে এক সপ্তাহের অনুশীলনে দলের সঙ্গে যোগ দেবে।”

কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান পাঁচবারের বর্ষসেরা মেসি।

মাঠের বাইরে সম্প্রতি বাজে সময় গেছে তার। কর ফাঁকির অভিযোগে আর্জেন্টিনার এই তারকা ফুটবলার আর তার বাবা হোর্হে মেসিকে ২১ মাসের কারাদণ্ড দেয় স্পেনের আদালত। একই সঙ্গে আদালত মেসিকে ২০ লাখ ইউরো ও তার বাবাকে ১৫ লাখ ইউরো জরিমানা করে।

এসব ঝামেলার পরও মৌসুম শুরুর আগে বার্সেলোনার অনুশীলনে ২৯ বছর বয়সী মেসি ভালোভাবে মনোযোগ দিতে পারবেন বলে এর আগে আশা প্রকাশ করেছিলেন কোচ লুইস এনরিকে।

বার্সেলোনার মূল দলের জর্দি মাসিপ, লুইস সুয়ারেস, মুনির এল হাদ্দাদি, সের্হি রবের্তো, আদ্রিয়ানো, আলেইশ ভিদাল, জেরেমি মাথিউ, দেনিস সুয়ারেস, সের্জি সাম্পের, ক্রিস্তিয়ান তেইয়ো ও মার্তিন মনতোয়া ইংল্যান্ডে যাবেন।