অলিম্পিকের ওয়াইল্ড কার্ড পেয়ে ঘুমই হয়নি শিরিনের
গত ১৫ জুলাই ছিল ওয়াইল্ড কার্ড পাওয়ার শেষ দিন। কিন্তু সোমবার রাতে হঠাৎই এলো সুখবরটা; রিও দে জেনেইরোর অলিম্পিকে খেলার জন্য ওয়াইল্ড কার্ড পাচ্ছেন মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেশের এই দ্রুততম মানবী জানালেন, সুখবরটা পাওয়ার আনন্দে রাতে ঘুমই হয়নি তার।
প্রশ্ন: রাতে ওয়াইল্ড কার্ড পাওয়ার পরের মুহূর্তগুলো কেমন ছিল?
শিরিন আক্তার: এক পর্যায়ে ধরেই নিয়েছিলাম, অলিম্পিকে যাওয়া হচ্ছে না। তবে পুরোপুরি আশা ছাড়িনি। ৫ অগাস্ট অলিম্পিক শুরু। ১ তারিখে যাওয়ার কথা ছিল আমাদের (যদি হত), তাই আমি শেষ পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিলাম। মনের ভেতর আসলে বিশ্বাস কাজ করছিল ওয়াইল্ড কার্ড পাব। কাল রাতে যখন শুনলাম, তখন বিশ্বাসই হচ্ছিল না। মনে হচ্ছিল স্বপ্ন। পরে রাতে তো আনন্দে ঘুমই আসেনি।
সব মিলিয়ে খুবই ভালো লাগছে। যেদিন থেকে অ্যাথলেটিকসে আসা, সেদিন থেকে স্বপ্ন ছিল এর শীর্ষে যাওয়া, মানে শীর্ষ পর্যায়ে খেলা, অলিম্পিকে খেলা। তো অলিম্পিকে যাচ্ছি, খুবই আনন্দের বিষয়।
প্রশ্ন: স্বপ্ন পূরণ হলো, কি লক্ষ্য নিয়ে রিও দে জেনেইরোতে যাচ্ছেন?
শিরিন আক্তার: নিজের সেরা টাইমিং ভাঙা। ১১.৯৯ সেকেন্ড ১০০ মিটারে আমার সেরা টাইমিং; এসএ গেমসের এই টাইমিং যদি টপকাতে পারি, তাহলে সেটাই হবে আমার জন্য বড় পাওয়া।
প্রশ্ন: এত আনন্দের পর এতটুকু লক্ষে সীমাবদ্ধ থাকছেন যে...
শিরিন আক্তার: আমিও মানি লক্ষ্যটা এতটুকুতে সীমাবদ্ধ থাকা বা রাখা উচিত নয়। আমরা যেন ওয়াইল্ড কার্ড নয়, যোগ্যতা অর্জন করে যেতে পারি, সে চেষ্টা করা উচিত। আসলে এ জন্য আরও বেশি শ্রম, অনুশীলনের বিকল্প নেই। অসম্ভব বলতে কিছু নেই। যদি ১১.৩৫ সেকেন্ডেও ১০০ মিটার শেষ করা যেত তাহলে হয়ত আমরা যোগ্যতা নিয়ে অলিম্পিকে যেতে পারতাম।
প্রশ্ন: তাহলে ওয়াইল্ড কার্ড নিয়ে যাওয়াতে একটু কষ্টও আছে আপনার?
প্রশ্ন: আপনারও কম-বেশি দেশের বাইরে খেলার অভিজ্ঞতা আছে। ঘরে বাইরের অভিজ্ঞতা থেকে বলুন অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জনে করণীয় কি?
শিরিন আক্তার: ২০০৯ সালে সিঙ্গাপুরে ইয়ুথ গেমস, চীনে এশিয়ান গেমস, থাইল্যান্ডে বিচ গেমস খেলেছি। ভারতে গিয়েছি তিনবার। গ্লাসগো কমনওয়েলথ গেমসেও খেলেছি। সেখানকার সবকিছু দেখে মনে হয়েছে, আমাদের উচিত দীর্ঘমেয়াদে অনুশীলন করা, দেশে-বিদেশে অনেক বেশি ইভেন্টে খেলা।
প্রশ্ন: শুনেছি শেলি অ্যান ফ্রেজার প্রাইস আপনার আদর্শ। রাস্তা থেকে উঠে আসা শেলিকে দেখে কতটা অনুপ্রাণিত হন আপনি?
শিরিন আক্তার: তার সঙ্গে গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের সময় দেখা হয়েছিল। তাকে দেখলে কিন্তু মনে হয় না তিনি অলিম্পিকের চ্যাম্পিয়ন; বিশ্বচ্যাম্পিয়ন। তার আর আমার উচ্চতা একই। ফিগারও কাছাকাছি। তো তাকে দেখে আমি আরও বেশি অনুপ্রাণিত হই। ভাবি, তিনি যদি বিশ্বসেরা হতে পারেন, তাহলে আমি সেরা না হই, একটা অবস্থানে তো যেতে পারি।
প্রশ্ন: এবার বলুন, রিও দে জেনেইরোর ট্র্যাকে কি পণ করে দৌড় দেওয়ার কথা ভেবে রেখেছেন?
শিরিন আক্তার: আমার সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড় দেব। একটা বিষয় আছে না, এটা আমার শেষ দৌড়, আর কখনও অলিম্পিকে খেলা হবে কিনা জানি না, তাই আমি জানপ্রাণ দিয়ে দৌড় দেব।
