২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লিগের লোগো ও ট্রফি উন্মোচন

নাচ, গান, ১২ অধিনায়ক নিয়ে মডেলিং, রঙিন আলোর ঝলকানির মধ্য দিয়ে উন্মোচন করা হলো জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০১৫-১৬ মৌসুমের লোগো ও ট্রফি। আমন্ত্রিত অতিথি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা, স্বত্ব কেনা প্রতিষ্ঠান- সবাই নতুন মৌসুমের সাফল্য নিয়ে জানালেন আশাবাদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 10:05 PM

Updated : 11 Oct 2022, 08:31 PM

রাজধানীর একটি হোটেলে সোমবার কনফেত্তি উড়িয়ে, লেজার শোর ঝলকানির মধ্যে উন্মোচন করা হয়ে প্রিমিয়ার লিগের লোগো ও ট্রফি। এই ট্রফির লড়াই শুরু হবে আগামী ২৪ জুলাই। ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহে হবে লিগের খেলাগুলো।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার লিগের সাফল্য নিয়ে দারুণ আশাবাদী। ফুটবল ছড়িয়ে দিতে উপজেলা পর্যায়ে আরও ‘মিনি স্টেডিয়াম’ নির্মাণের ঘোষণা দেন তিনি।

“ফুটবল বাঙালির প্রাণের খেলা, প্রিয় খেলা। কিন্তু নানা কারনে ফুটবল আজ পিছিয়ে গেছে। সেখান থেকে খেলাটিকে তুলে আনতে হবে। বর্তমান ক্রীড়াবান্ধব সরকার প্রতি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মানের উদ্যোগ গ্রহণ করেছে। সে ধারাবাহিকতায় ৪৯০ মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ প্রক্রিয়াধীন। আগামীতে আমরা ১৩১ স্টেডিয়ামের দরপত্র আহবান করবো।”

কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে ফুটবল তার হারানোর গৌরব ফিরে পাবে বলে বিশ্বাস বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের।

“আমরা আজ এখানে, একসঙ্গে, ফুটবলের জন্য। একসঙ্গে কাজ করলে ফুটবল কেন বিশ্বমানে পৌঁছাবে না? আমি যদি বিদেশি লিগে খেলতে পারি, আমার দেশের ফুটবলাররা কেন খেলতে পারবেনা?”

পাঁচ বছরের জন্য লিগের স্বত্ব কেনা সাইফ গ্লোবাল স্পোর্টস চেয়ারম্যান তরফদার রুহুল আমীন আগামীতে আরও গোছালোভাবে সবকিছু আয়োজনের প্রতিশ্রুতি দেন।

“ফুটবলের সোনালী ইতিহাস ফিরিয়ে আনতে এবারের লিগ ভিন্ন আঙ্গিকে আয়োজন করছি। বিভিন্ন কারণে প্রথম উদ্যোগটা দ্রুতই শেষ করতে হচ্ছে। আগামীতে আরও পরিকল্পিতভাবে আমরা লিগ আয়োজন করব।”