রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত থাকছেন লুভ
ইউরোর সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়া জার্মানির কোচ ইওয়াখিম লুভ সরে দাঁড়াতে পারেন বলে মনে করেছিলেন অনেকেই। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি জানিয়ে দিয়েছেন, রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন।
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে ৫৬ বছর বয়সী লুভের বর্তমান চুক্তির মেয়াদ ২০১৮ বিশ্বকাপ পর্যন্তই। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে তিনি দায়িত্ব চালিয়ে যাওয়ার বিষয়টি জানান।
“একটি টুর্নামেন্ট শেষ হওয়া বিরতির জন্য ভালো সময়। সেমি-ফাইনালের পর আমরা সবাই হতাশ হয়েছি।”
দুই বছর ইয়ুর্গেন ক্লিন্সমানের সহকারী হিসেবে কাজ করার পর ২০০৬ সালে জার্মানি দলের দায়িত্ব নেন লুভ। শিষ্যদের ২০১৪ সালের বিশ্বকাপ জেতান তিনি। ২০০৮ ইউরোর ফাইনালে আর ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে খেলে তার দল।
স্বাগতিক ফ্রান্সের কাছে ২-০ গোলে এবারের ইউরোর সেমি-ফাইনাল থেকে বাদ পড়ে জার্মানি।
লুভ বলেন, “আমি নিশ্চিত, এই দল আমাদের অনেক আনন্দ এনে দেবে এবং এই খেলোয়াড়দের নিয়ে কাজ করতে পেরে আমি আমি অন্য যে কোনো সময়ের মতোই আনন্দিত। আর ২০১৮ বিশ্বকাপের আগে পর্যন্ত তাদের খেলার উন্নতি করে যাব।”
