‘হার প্রাপ্য ছিল না জার্মানির’
ফ্রান্সের বিপক্ষে সেমি-ফাইনালে জার্মানিই ভালো খেলেছে বলে দাবি করেছেন দেশটির মিডফিল্ডার টনি ক্রুস। আর গোলরক্ষক মানুয়েল নয়ার মনে করেন হার তাদের প্রাপ্য ছিল না।
মার্সেইতে অঁতোয়ান গ্রিজমানের জোড়া গোলে স্বাগতিক ফ্রান্সের কাছে ২-০ ব্যবধানে হেরে ইউরোর সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়ে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।
ম্যাচ শেষে ক্রুস বলেন, “ইউরো ২০১৬তে আজ নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দিয়েছি আমরা তাই ২-০ গোলে হেরে যাওয়াটা অদ্ভুতই। আমরা ম্যাচটি নিয়ন্ত্রণ করেছি এবং ফ্রান্সের উপর ছড়ি ঘুরিয়েছি।”
নয়ার মনে করেন, এই ম্যাচ থেকে আরও ভালো কিছু প্রাপ্য ছিল জার্মানির।
“ইউরো ২০১৬তে আমরা ভালো খেলেছি কিন্তু ছিটকে গেছি এবং এটা খুব হতাশাজনক।”
জার্মানিকে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ জেতানো কোচ ইওয়াখিম লুভও মনে করেন টুর্নামেন্টটি ভালোই কেটেছে তাদের।
“আমাদের জন্য ভালো একটি টুর্নামেন্ট ছিল এটা…আমি এই টুর্নামেন্টে খুব একটা ভুল দেখিনি।”
জার্মানি সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়ার পর অনেকে আবার লুভের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন। ২০১৮ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ এই জার্মান অবশ্য তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চান না।
“আমি এটা (ভবিষ্যৎ) নিয়ে ভবিষ্যদ্বাণী করতে পারি না। এমনকি আমি আগামীকালের কিছুও অনুমান করতে পারি না। আমি আজ রাতে এ নিয়ে ভাবব না।”
