ইতিহাসে নাম লেখাতে উন্মুখ জিরুদরা
জার্মানির বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে ৫৮ বছরের জয়-খরা কাটিয়ে এরই মধ্যে ফ্রান্স ইতিহাস গড়েছে বলে মনে করেন কোচ দিদিয়ে দেশম। তবে দেশকে তৃতীয়বারের মতো ইউরোপ সেরার মুকুট জিতিয়েই ইতিহাসে নাম লেখাতে উন্মুখ হয়ে আছেন ফরোয়ার্ড অলিভিয়ে জিরুদ।
মার্সেইতে গত বৃহস্পতিবার অঁতোয়ান গ্রিজমানের জোড়া গোলে জার্মানিকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে স্বাগতিক ফ্রান্স।
১৯৫৮ বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পর জার্মানির বিপক্ষে প্রতিযোগিতামূলক ফুটবলে এই প্রথম জয় পেল দুই বারের ইউরো চ্যাম্পিয়ন দলটি।
সেমি-ফাইনালের আগে জিরুদ প্রতিশ্রুতি দিয়েছিলেন, জার্মানির কাছে প্রতিযোগিতামূলক ম্যাচে হারার চক্র এবার ভাঙবেন তারা। কথা রাখতে পারার আবেগ ছুঁয়ে গেলেও ফাইনালের প্রতিপক্ষ পর্তুগালকে নিয়ে ভাবতে ভুলছেন না আর্সেনালের এই ফরোয়ার্ড।
“এটা আবেগের এক রাত ছিল। আমরা এটা উপভোগ করব এবং এর পর পর্তুগাল ম্যাচে মনোযোগ দেব।”
দেশমের কাছে জার্মানির বিপক্ষে সেমি-ফাইনালের জয়ও ইতিহাসে লিখে রাখার মতো।
“আমরা এরই মধ্যে ইতিহাস লিখে ফেলেছি। আমরা জার্মানিকে অনেক বছর আগে হারিয়েছিলাম।”
তবে দেশম জানান, শিরোপা জিতেই উদযাপন করতে চান তারা।
“আমরা ফাইনালে উঠেছি এবং ট্রফি জয়ের ব্যাপার আছে। আমি খেলোয়াড়দের জন্য উচ্ছ্বসিত, আমাদের ভোগানো একটি দলের বিপক্ষে খুব কঠিন একটি ম্যাচ ছিল এটা।”
“এটা দারুণ এক আবেগ-আমাদের ভুগতে হয়েছে কিন্তু কখনোই হাল ছাড়িনি এবং আমার জন্য এটা দারুণ। এটা দারুণ এক গল্প-জার্মানিকে ছিটকে ফেলে খেলোয়াড়রা ইতিহাস লিখেছে।”
