সেই কেরবারের সামনেই সেরেনা
অস্ট্রেলিয়ান ওপেনের মতো এবার উইম্বলডনেও মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন সেরেনা উইলিয়ামস ও আঞ্জেলিক কেরবার। সেবার জিতেছিলেন জার্মান তারকা কেরবার। উইম্বলডনের ফাইনাল তাই সেরেনার জন্য প্রতিশোধের উপলক্ষই।
বৃহস্পতিবারের সেমি-ফাইনাল দাপটের সঙ্গেই পেরিয়েছেন শীর্ষ বাছাই সেরেনা। রাশিয়ার ইলেনা ভেসনিনাকে ৬-২, ৬-০ গেমে উড়িয়ে দেন উইম্বলডনের ছয় বারের চ্যাম্পিয়ন। অপর সেমি-ফাইনালে সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামসকে ৬-৪, ৬-৪ গেমে হারান কেরবার।
কেরবারের বিপক্ষে প্রতিশোধের কথা সরাসরি না বললেও যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা বুঝিয়ে দিয়েছেন, এবার আর খালি হাতে ফিরতে চান না তিনি।
“বিশ্বাসই করতে পারছি না এ বছর আমি ফাইনালে উঠেছি। এ বছর আমি ০-২ (অস্ট্রেলিয়া ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হার)। তাই একটা জিততে আমি উন্মুখ হয়ে আছি।”
অস্ট্রেলিয়ান ওপেনের পুনরাবৃত্তির ঘোষণা নেই কারবারের মুখেও। মেয়েদের টেনিসের বর্তমান বিশ্বসেরার বিপক্ষে ম্যাচে নিজের সবটুকু ঢেলে দেওয়ার প্রত্যয় জানালেন জার্মানির এই খেলোয়াড়।
“এখন আমার অনেক অভিজ্ঞতা আছে। আমার টেনিস জীবন আমি দারুণ উপভোগ করছি। নিজের সেরা টেনিসই খেলছি। আমি যা পারি তার সবটুকুই ফাইনালে ঢেলে দেব।”
