২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির প্রতি শ্রদ্ধা চাভির

বরাবরের মতো আবারও লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ হলেন চাভি। হঠাৎ করে মেসির আর্জেন্টিনাকে বিদায় বলে দেওয়ার কারণটা বুঝতে পারার কথা জানিয়ে বার্সেলোনার এই সাবেক মিডফিল্ডার আরও বললেন, সাবেক ক্লাব সতীর্থের সব সিদ্ধান্তকে শ্রদ্ধা করেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2016, 11:40 AM

Updated : 20 Aug 2022, 01:09 PM

কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর আর্জেন্টিনাকে বিদায় বলে দেন মেসি। টাইব্রেকারে গোল করতে পারেননি বার্সেলোনার এই ফরোয়ার্ড। সাবেক ক্লাব সতীর্থকে নিয়ে কথা বলতে গিয়ে চাভি শ্রদ্ধার কথা জানান।

“তার সিদ্ধান্তকে আপনাকে শ্রদ্ধা করতে হবে। যদি সে আগামী সপ্তাহে (আর্জেন্টিনার জার্সিতে) ফিরে আসার সিদ্ধান্ত নেয়, তাহলে সেটাকেও শ্রদ্ধা করতে হবে। সে বিশ্বসেরা এবং ইতিহাসের সেরা। আপনাকে নিজেকে মেসির অবস্থানে বসাতে হবে। লিও এবং আর্জেন্টিনা দলে তার প্রজন্ম ভয়ঙ্কর হতাশার মধ্যে আছে। তারা কিছু জেতেনি, যদিও তারা সব কিছু (পাওয়ার) খুব কাছাকাছি গিয়েছিল।”

“তারা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে হেরেছে এবং দুটি কোপা আমেরিকার ফাইনালে হেরেছে। মেসি একটা অলিম্পিকের সোনা জিতেছে এবং অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছে। (সেখানে) আমরা দুটো ইউরো, বিশ্বকাপ জিতেছি।”

সাবেক সতীর্থের প্রশংসা করতে গিয়ে চাভি জানান মেসি তৈরিই হয়েছেন ফুটবলের জন্য। বার্সেলোনা ফরোয়ার্ড যে কোনো পজিশনের খেলতে পারদর্শী বলেও জানান তিনি।

“এবং যদি সে চায়, তাহলে পিকের পজিশনে খেলতে পারে। লিওর মহত্বই এখানে, সে যা চায়, তাই করতে পারে। (তাকে নিয়ে) এটা বলা আমার জন্য সম্মানের যে, সে চাভির মতো খেলতে পারে, ইনিয়েস্তার (আন্দ্রেস) মতো পারে, জেরার্ডের (পিকে) মতো পারে। যদি সে চায়, তাহলে (যে কারো কাছ থেকে) বল কেড়ে নিতে পারে।”

“সে দারুণ গতিময় এবং তার ছোটখাট গড়ন অসাধারণ। মেসি ফুটবলের জন্য তৈরি; আক্রমণে ক্ষুরধার, ভাবনা দ্রুত বাস্তবায়নে সক্ষম। সে একটা বিস্ময়। আমি তাকে নিয়ে গর্বিত। সে খেলার সব দিকটা আধিপত্য করে।”