‘রোনালদো সহজাত গোলদাতা’
ম্যাচের আগেই ক্রিস্তিয়ানো রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন গ্যারেথ বেল। সেমি-ফাইনালে রোনালদোর পর্তুগালের কাছে হেরে ওয়েলসের রূপকথার পথচলা থেমে যাওয়ার পরও ক্লাব সতীর্থ নিয়ে তার কণ্ঠে বাজল একই সুর। ওয়েলসের এই ফরোয়ার্ডের চোখে রোনালদো একজন সহজাত গোলদাতা।
গত বুধবার ইউরোর প্রথম সেমি-ফাইনালে ওয়েলসকে ২-০ ব্যবধানে হারানো ম্যাচের ৫০তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করেন রোনালদো। পরে নানির গোলেও অবদান রাখেন চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনির সর্বোচ্চ ৯ গোলের রেকর্ডে ভাগ বসানো এই ফরোয়ার্ড।
ম্যাচ শেষে আইটিভির সঙ্গে আলাপচারিতায় ক্লাব সতীর্থ রোনালদোর বন্দনায় মাতেন বেল।
“অবশ্যই সে একজন সহজাত গোলদাতা এবং সে আবারও গোল করেছে।”
পর্তুগালের কাছে হেরে স্বপ্নের পথচলা থেমে যাওয়াতে অবশ্য অখুশি নন বেল। নিজেদের ব্যর্থতায় হেরে যাওয়ার কথা জানিয়ে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড বলেন, “আমরা নিজেদের আরও উন্নত করবো। আমরা গর্বিত একটা দল। এই আসরে আমরা যেটা পেয়েছি, সেটা নিয়ে আমাদের গর্বিত হতে হবে।”
“অবশ্যই আমি সব সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই-আমরা যে সমর্থনটা পেয়েছি, সেটা সত্যিই অবিশ্বাস্য।”
সামর্থ্যের সবটুকু দিয়ে লড়েও হেরে যাওয়ায় কোনো দুঃখ নেই বলেও জানান বেল।
